Ajker Patrika

ভুলে ভরা বাংলাদেশকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫২
ভুলে ভরা বাংলাদেশকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত
বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারত। ছবি: এক্স

রেফারির শেষ বাঁশি বাজতেই গোল হয়ে উদ্‌যাপন করতে শুরু করলেন ভারতের ফুটবলাররা। প্রতিশোধ নিয়ে শেষ পর্যন্ত জিতল অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। ফাইনালের স্কোরলাইন যতটা না হতাশার, ততটাই অবাক হওয়ার মতো।

বাংলাদেশ হেরেছে ৪-০ গোলে। অথচ রাউন্ড রবিন লিগে এই ভারতকেই ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালের আগেও কোচ পিটার বাটলার দিয়ে রেখেছিলেন হুংকার। অথচ মাঠে জবাবই দিতে পারলেন না তাঁর শিষ্যরা। উল্টো মাশুল দিতে হয়েছে একের পর এক ভুলের।

পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে আজ খেলার শুরু থেকে আক্রমণাত্মক থাকে ভারত। দ্বিতীয় মিনিটে ভারতের ফরোয়ার্ড বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই বাংলাদেশ গোলরক্ষক ইয়ারজান বেগম পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তা ক্লিয়ার করেন। ১৬ মিনিটে বক্সের বাইরে আলভা দেবীকে সুরভী আক্তার আফরিন ফাউল করলে রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। আভিস্তা বাসনেতের নেওয়া ফ্রি-কিকটি সরাসরি গোলরক্ষকের গ্লাভসে জমা পড়ে।

বিরতির আগে ৪২ মিনিটে প্রথম গোলের দেখা পায় ভারত। বাঁ প্রান্ত থেকে আসা ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশের ডিফেন্ডাররা। ডান প্রান্তে ফাঁকায় থাকা প্রীতিকা বর্মন নিয়ন্ত্রণে নিয়েও নিজে শট না নিয়ে পাস দেন অধিনায়ক ঝুলন নংমাইথামকে। দলকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৬১ মিনিটে পেনাল্টি হজম করে বসে। একটি লং বল ক্লিয়ার করার ক্ষেত্রে ইয়ারজান সময়মতো বল গ্লাভসবন্দী করতে ব্যর্থ হন। ভারতের আলভা দেবী বলের দখল নিতে গেলে তাঁকে মাটিতে ফেলে দেন ইয়ারজান। এর ফলে সহজে ব্যবধান ২-০ করে।

৬৮ মিনিটে ইয়ারজানের আরেকটি ভুলের মাশুল দিতে হয় বাংলাদেশকে । প্রতীমার ব্যাক পাস থেকে পাওয়া বল ক্লিয়ার করতে গিয়ে ইয়ারজান সামনে থাকা ভারতীয় স্ট্রাইকার পার্ল ফার্নান্দেজের কাছেই শট মারেন। বলটি ফার্নান্দেজের নিয়ন্ত্রণে এলে, তিনি আলতো টোকায় জালে পাঠান।

শেষ দিকে আরও একটি গোল করে আনন্দের ষোলোকলা পূর্ণ করে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত