Ajker Patrika

তিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটির

ক্রীড়া ডেস্ক    
তিন হারের পরও জয়ে ফেরা হলো না সিটির
ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ছবি: ইএসপিএন

প্রিমিয়ার লিগে টানা তিন হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে এবারও জয়ের দেখা পেল না এনজো মারেস্কার দল। ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এতে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগও হাতছাড়া করেছে ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই সিটির রক্ষণে চাপ তৈরি করে ফুলহ্যাম। ১৬ মিনিটে অস্কার ববের পাস থেকে গোল করে সফরকারীদের এগিয়ে দেন রদ্রিগো মুনিজ। ২৪ মিনিটে আরলিং হালান্ড গোল করলেও ফাউলের কারণে তা বাতিল হয়। এরপর প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি সিটি।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় স্বাগতিকেরা। ৫৭ মিনিটে ফিল ফোডেনের কর্নার থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জালে পাঠান এলিয়ট অ্যান্ডারসন। প্রিমিয়ার লিগে সিটির হয়ে এটিই তাঁর প্রথম গোল। এরপর দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি।

ম্যাচের ফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন সিটি কোচ এনজো মারেস্কা। তিনি বলেন, ‘ফলাফলের দিক থেকে এটি আমাদের জন্য কঠিন সময়। গোল হজম করে পিছিয়ে পড়ার পর খেলোয়াড়দের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল।’

দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে উন্নতি দেখে মারেস্কা বলেন, ‘বিরতির সময় আমাদের প্রেসিংয়ের ধরনে পরিবর্তন এনেছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। বেশ কিছু সুযোগ পেয়েছি। কিছু ক্ষেত্রে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারতাম। তবে সুযোগ তৈরি করতে পারাটাও গুরুত্বপূর্ণ। আশা করি, সামনে আরও বেশি গোল করতে পারব।’

অন্যদিকে সিটির মাঠ থেকে এক পয়েন্ট পেয়ে সন্তুষ্ট ফুলহ্যাম কোচ আলভারো আরবেলোয়া। তিনি বলেন, ‘তিন পয়েন্ট পেলে আরও খুশি হতাম। এখানে আমরা জয়ের লক্ষ্য নিয়েই এসেছিলাম। তবে আমাদের খেলোয়াড়েরা দারুণ লড়াই করেছে। এক পয়েন্টও মন্দ নয়।’

এই ড্রয়ে মাধ্যমে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত