Ajker Patrika

বিশ্বকাপ প্রস্তুতিতে ভোগান্তি পোহাচ্ছে জাপান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ জুন ২০২৬, ১৮: ২৯
বিশ্বকাপ প্রস্তুতিতে ভোগান্তি পোহাচ্ছে জাপান
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জাপানিজরা। ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে মেক্সিকোতে পৌঁছেই অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছে জাপান। মাঠের বাজে অবস্থার কারণে দলটিকে মাত্র দুই দিনের মধ্যে দুবার অনুশীলন ভেন্যু পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম।

কোচ হাজিমে মোরিয়াসুর দল এই সপ্তাহে মেক্সিকোতে পৌঁছানোর পর প্রথমে মন্তেরে টিগ্রেস ইউএএনএল-এর একটি অনুশীলন মাঠ ব্যবহারের পরিকল্পনা করেছিল। তবে সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে মাঠটির অবস্থা সন্তোষজনক না হওয়ায় সেখানে অনুশীলন করা সম্ভব হয়নি।

জাপানি দৈনিক স্পোর্টস হোচির প্রতিবেদনে বলা হয়েছে, এরপর দলটি জাপানের অনূর্ধ্ব-১৯ দলের জন্য সংরক্ষিত একটি মাঠে অনুশীলন শুরু করে। কিন্তু সেই মাঠ নিয়েও সন্তুষ্ট হতে পারেনি জাপান। ফলে অনুশীলনের দ্বিতীয় দিনেই তারা আবার ভেন্যু পরিবর্তন করে সিএফ মনতেরের ব্যবহৃত অনুশীলন মাঠে চলে যায়।

যদিও প্রস্তুতির শুরুতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তবু দলীয় পরিবেশে এর নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর মাসাকুনি ইয়ামামোতো সাংবাদিকদের তিনি বলেন, আমরা আরও ভালো পরিবেশ খুঁজে দেখেছি বলেই (অনুশীলন ভেন্যু পরিবর্তনের) এই সিদ্ধান্তে পৌঁছেছি।’

মাঠ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে ইয়ামামোতো আরও বলেন, এটা খারাপ আবহাওয়ার কারণে হয়েছে, তাই বিষয়টি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আমরা নিশ্চিত করতে চাই, যেন প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে।’

আগামী সপ্তাহের শুরু থেকে জাপান তাদের বেস ক্যাম্প ন্যাশভিলে অনুশীলন শুরু করবে। সেখানে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আশাবাদী ইয়ামামোতো, ‘আমাদের জানানো হয়েছে যে ন্যাশভিলে সব ধরনের প্রস্তুতি পরিকল্পনামাফিক এগোচ্ছে।’

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। গ্রুপ ‘এফ’-এ থাকা জাপান তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে। একই গ্রুপে দলটির অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত