Ajker Patrika

ইউটার্ন নিয়ে ফিফা সভাপতির পাশে দাঁড়াল এশিয়া

ক্রীড়া ডেস্ক    
ইউটার্ন নিয়ে ফিফা সভাপতির পাশে দাঁড়াল এশিয়া
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

দুই মাস আগেও জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা জানিয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এবার অবস্থান বদলে এই ফুটবল সংগঠককেই আরেক মেয়াদে ফিফা সভাপতি হওয়ার পক্ষে সমর্থন জানাল সংস্থাটি।

আজ টোকিওতে এএফসির বিশেষ কংগ্রেসের সভায় এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ইনফান্তিনোর প্রতি সমর্থন ঘোষণা করেন। তাঁর এই অবস্থান পরিবর্তন ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচন হওয়ার কথা। ইনফান্তিনো এবার চতুর্থ মেয়াদে দায়িত্ব নিতে চান। তাঁর বিপক্ষে প্রার্থী হতে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। এখন পর্যন্ত কেউ তাঁর বিপক্ষে প্রার্থিতা ঘোষণা করেননি।

সমর্থন ঘোষণার সময় ইনফান্তিনোকে জড়িয়ে ধরেন শেখ সালমান। তিনি বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব পালনের জন্য আপনি যখন চেষ্টা করছেন, তখন আপনার এবং আপনার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করছি আমরা।’

এএফসির প্রধান আরও যোগ করেন, ‘আপনি এশিয়ার অনেক দেশ সফর করেছেন। এই মহাদেশের অনেক সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আপনার মনোভাব বুঝতে পেরেছি। আমার মনে হয়, আপনার অঙ্গীকারও স্পষ্ট।’

তবে এএফসির ৪৭ সদস্যের সবাই ইনফান্তিনোকে সমর্থন করবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি শেখ সালমান, ‘আমার ধারণা, আমার অধিকাংশ সদস্যের অনুভূতিও একই রকম। আমি আপনাকে সেটি বলেছি।’

এএফসির এই সমর্থনের পেছনে রয়েছে সাম্প্রতিক অতীতের সঙ্গে স্পষ্ট বৈপরীত্য। দুই মাসের কিছু বেশি সময় আগে ইউরোপ এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে একমত হয়ে ইনফান্তিনোর বিপেক্ষে অবস্থান নিয়েছিল এএফসি।

বিশ্বকাপ আয়োজন নিয়ে ৪২০ কোটি ডলারের একটি পরিকল্পনা তৈরি করেছিলেন ইনফান্তিনো, যা পরে বাতিল হয়ে যায়। গত সপ্তাহে জুরিখে ফিফার ৩৭ সদস্যের নির্বাহী পরিষদের কাছে নিজের করা ভুলের জন্য ক্ষমা চান তিনি। ওই পরিষদের সভাপতিও ইনফান্তিনো।

শেখ সালমানও অতীতের মতপার্থক্যের কথা স্বীকার করেছেন। তবে তিনি সেসব বিষয়কে বর্তমান সমর্থনের সঙ্গে মেলাতে চাননি। ইনফান্তিনোর উদ্দেশে তিনি বলেন, ‘হ্যাঁ, অতীতে আমাদের মধ্যে কিছু সমস্যা ছিল, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তবে দুটি বিষয়কে এক করে দেখা উচিত নয়। আমার মনে হয়, গত কয়েক দিনে জুরিখে আমাদের সাক্ষাতের সময় আপনি স্পষ্ট করেছেন যে, আমাদের মধ্যে প্রকৃত বোঝাপড়া রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত