Ajker Patrika

স্পেনে পুরস্কার নিতে গিয়ে বাবার কথা মনে পড়ছে মেসির

ক্রীড়া ডেস্ক    
স্পেনে পুরস্কার নিতে গিয়ে বাবার কথা মনে পড়ছে মেসির
লিওনেল মেসি ও তাঁর বাবা হোর্হে মেসি। ছবি: সংগৃহীত

এই স্পেনই এক সময় ছিল লিওনেল মেসির দ্বিতীয় বাড়ি। বার্সেলোনার হয়ে দীর্ঘ দুই দশক কাটিয়েছেন। মনে রাখার মতো অসংখ্য স্মৃতি রয়েছে তাঁর। গতকাল যুক্তরাষ্ট্র থেকে স্পেনে পরিবারসহ এসেছেন আর্জেন্টাইন তারকা। তাঁকে এক নজর দেখতে ওভিয়েদোতে ভিড় করেছেন অজস্র ভক্ত। স্পেনে ফিরে মনে পড়ল তাঁর বাবার কথা।

দীর্ঘ অসুস্থতায় ভুগে এ বছরের ৮ আগস্ট ৬৮ বছর বয়সে না ফেরার দেশে চলে যান মেসির বাবা হোর্হে মেসি। হোর্হে তো শুধু মেসির বাবা ছিলেন না। তারকা মেসি হয়ে ওঠার নেপথ্যের কারিগর তিনি। প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিতে স্পেনে পৌঁছে আর্জেন্টাইন তারকা স্মরণ করলেন তাঁর বাবাকে। ওভিয়েদোতে সংবাদ সংস্থা ইএফইকে মেসি বলেন, ‘তিনি আমাকে বলতেন, বলটা নিয়ে চেষ্টা করতে। সেটা ভালো হোক বা খারাপ, তাতে সন্তুষ্ট হয়ে থেমে থাকা যাবে না। কারণ, সব সময়ই আরও একটি সুযোগ বা পরবর্তী একটি পদক্ষেপ থাকে।’

ক্যারিয়ারে অসাধারণ অর্জন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২৬ প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পাচ্ছেন মেসি। ২০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ, লিগস কাপ, লিগ ওয়ানসহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। গত রাতে স্পেনে ফিরে আর্জেন্টাইন তারকা নস্টালজিক হয়ে পড়লেন। প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড গ্রহণের আগের রাতে মেসি বলেন, ‘সবকিছু জেতার সৌভাগ্য হয়েছিল আমাদের। খেলেছি, জিতেছি ও অনেক কিছু অর্জন করেছি। দৈনন্দিন অনুশীলনের অভিজ্ঞতাও ছিল মনে রাখার মতো। সময়টা দারুণ কেটেছে।’

রাজা ও রানির সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে ওভিয়েদোতে পৌঁছে বাবার সঙ্গে গভীর সম্পর্কের কথা তুলে ধরেন মেসি। ৮ আগস্ট হোর্হে না ফেরার দেশে চলে যাওয়ার আগে ছেলের সঙ্গে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিয়ে কথা বলেছিলেন। গত রাতে বাবাকে নিয়ে মেসি বলেন, ‘সত্যি বলতে খুবই আনন্দিত। আসলে এই পুরস্কার নিয়ে বাবা খুবই উচ্ছ্বসিত ছিলেন। খেলার সূচির কারণে এখানে আসা যে কঠিন হবে, সেটা জানতাম। কিন্তু তারপরও তিনি বারবার জোর দিয়েছিলেন, যেন আমি এই দিনগুলোতে এখানে আসি এবং পুরস্কার গ্রহণ করি।’

বাবাই ছিলেন মেসির অনুপ্রেরণা। প্রিয় বাবাকে হারিয়ে মেসি আবেগঘন পোস্টও দিয়েছিলেন। এমনকি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত তিনি ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনাল শেষে দ্রুত নিলেও বাবার মৃত্যুতে জানিয়েছিলেন ৩১ আগস্ট। স্পেনের ওভিয়েদোতে পুরস্কার গ্রহণের আগের রাতে বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি, ‘এই স্বীকৃতি একজন মানুষ মাঠে কী করেন, কিংবা আমার পুরো পেশাদার ক্যারিয়ারে আমি যা করেছি, তারও ঊর্ধ্বে। তিনি (মেসির বাবা) খুব খুশি হয়েছিলেন। তিনিও এখন তা উপভোগ করছেন। আমি তাঁর সঙ্গে নিয়মিত কথা বলতাম।’

বাংলাদেশ সময় আজ রাতে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার দেওয়া হবে মেসিকে। ইন্টার মায়ামির কাছ থেকে তিনি ছুটিও নিয়েছেন। এর আগে গত ৭ অক্টোবর আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে দুই অ্যাসিস্ট ও এক গোল করেছেন। আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলেছেন মেসি। দলটির জার্সিতে সর্বোচ্চ ১২৬ গোলও তাঁর। অ্যাসিস্ট করেছেন ৬৯ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত