Ajker Patrika

৩০ বছর পর বার্সার মাঠে ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৪
৩০ বছর পর বার্সার মাঠে ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
২০২৯ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে এই ভেন্যুতে। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হতে যাচ্ছে বার্সেলোনার ক্যাম্প ন্যু। ২০২৯ সালের ইউরোপ সেরার লড়াই হবে এই ঐতিহাসিক স্টেডিয়ামে। মঙ্গলবার উয়েফা ২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যুর নাম ঘোষণা করেছে। ২০২৮ সালের ফাইনাল হবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।

সবশেষ ১৯৯৯ সালে ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছিল। সেবার বায়ার্ন মিউনিখকে হারিয়ে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নাটকীয় সে ম্যাচের শেষ মুহূর্তে দুই গোল করে ২-১ ব্যবধানের জয় তুলে নেয় প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি।

২০২৯ সালের ফাইনাল দিয়ে ক্যাম্প ন্যু তৃতীয়বারের মতো ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করবে। এর আগে ১৯৮৯ ও ১৯৯৯ সালে এই ভেন্যুতে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপের ফাইনাল হয়েছিল।

ফাইনালের জন্য ক্যাম্প ন্যুকে পুরোপুরি প্রস্তুত হতে হবে। ২০২৩ সালে শুরু হওয়া ব্যাপক সংস্কার প্রকল্পের কাজ এখনো চলছে। সংস্কার শেষে স্টেডিয়ামটির ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা করেছে বার্সা।

উয়েফার সিদ্ধান্তে ক্যাম্প ন্যু লন্ডনের ওয়েম্বলিকে পেছনে ফেলেছে। ২০২৯ সালের ফাইনাল আয়োজনের জন্য ওয়েম্বলিও প্রার্থী ছিল। শেষ পর্যন্ত বার্সার ঘরের মাঠই আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে।

বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা এই সিদ্ধান্তকে ক্লাব ও সমর্থকদের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এত বড় একটি আয়োজনের দায়িত্ব পাওয়ার মাধ্যমে ক্যাম্প ন্যুর সংস্কার প্রকল্পের ব্যাপ্তি ও উচ্চাকাঙ্ক্ষার ওপর উয়েফার আস্থা প্রকাশ পেয়েছে।

এর আগে ২০২৮ সালের ফাইনালের জন্য মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনাকে বেছে নিয়েছে উয়েফা। বায়ার্নের এই মাঠে এর আগে ২০১২ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে। চলতি মৌসুমের ফাইনাল হবে আতলেতিকো মাদ্রিদের হোম ভেন্যু মেত্রোপলিতানো স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত