Ajker Patrika

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫১
আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল
বিসিবি-আইসিসির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে আরও অনেক কিছু পাওয়া গেছে তদন্ত প্রতিবেদনে। ছবি: সংগৃহীত

সরকারের সিদ্ধান্তে ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শেষে মে মাসে তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করেছে। সরকারি সিদ্ধান্ত বলেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দায়ী বা শাস্তির সুপারিশ করেনি তাদের প্রতিবেদনে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. ওয়ালি উল্লাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়সাল দস্তগীর—এই তিন জনকে নিয়ে ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশের না খেলা ইস্যুতে গঠিত হয় তদন্ত কমিটি। ক্রিকেটের মধ্যে রাজনীতি, বিসিবি-আইসিসি দ্বন্দ্বসহ অনেক কিছুই এসেছে তিন মাস পর প্রকাশিত প্রতিবেদনে।

তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ যা যা পাওয়া গেল

১. ক্রিকেটে রাজনীতির অন্তর্ভুক্তি

  • দক্ষিণ এশিয়ার ক্রিকেটকে রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা রাখা সম্ভব নয়।
  • রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক উত্তেজনা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ব্যাপক প্রভাব ফেলেছিল।
  • ক্রিকেট বিশ্লেষকদের আলোচনায় ঘটনাটিকে বারবার এভাবে বর্ণনা করা হয়েছে:
    বয়কট, রাজনৈতিক অচলাবস্থা, প্রশাসনিক বিশৃঙ্খলা

২. আইসিসি-বিসিবি ক্ষমতার ভারসাম্যহীনতা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে অনেক দেনদরবার করেও বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে পারেনি। এখানে তদন্ত প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ খুঁজে পেয়েছে।

  • ভারত ছিল প্রধান আয়োজক।
  • বৈশ্বিক ক্রিকেটে ভারতের বাণিজ্যিক গুরুত্ব অত্যন্ত বেশি।
  • আইসিসি টুর্নামেন্টের লজিস্টিকস বা ব্যবস্থাপনা কাঠামো পরিবর্তন করতে অনিচ্ছুক ছিল।
  • বাংলাদেশের দর-কষাকষির ক্ষমতা সীমিত ছিল।
  • আইসিসি সমঝোতার চেয়ে টুর্নামেন্টের স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিয়েছে।

৩. বিসিবির অব্যবস্থাপনা

সম্পাদকীয় ও সমর্থকদের বিশ্লেষণে বারবার যে সমালোচনাটি উঠে এসেছে তা হলো: বিসিবি কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে।

পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারায়নি বাংলাদেশ। বরং দীর্ঘস্থায়ী একটি বিরোধের পর বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। এই বিরোধের পেছনে প্রধান বিষয়গুলো ছিল:

  • ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোকে ঘিরে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ
  • বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে মতবিরোধ
  • বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর দাবি
  • আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরাতে অস্বীকৃতি
  • সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের মতে প্রশাসনিক অব্যবস্থাপনা

পরবর্তীতে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হয়। স্কটল্যান্ড অবশ্য গ্রুপ পর্বেই বাদ পড়ে যায়। নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ভারত।

সুপারিশ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার নিয়ে প্রকাশ্য বিতর্ক, টেলিভিশন সাক্ষাৎকার এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যৎমুখী বেশ কিছু সুপারিশ করা হয়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কে দায়ী এ নিয়ে মতভেদ রয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে একই ধরনের পরিস্থিতিতে করণীয় নিয়ে বিভিন্ন সুপারিশ করা হয়েছে।

১. রাজনৈতিক বিরোধ থেকে ক্রিকেটকে আলাদা করা

অনেক বিশ্লেষক ও মন্তব্যকারী মনে করেন, সম্ভব হলে আন্তর্জাতিক ক্রীড়ায় অংশগ্রহণকে কূটনৈতিক উত্তেজনা থেকে দূরে রাখা উচিত। খেলোয়াড় ও সমর্থকদের স্বার্থ সুরক্ষিত রেখে ভূরাজনৈতিক বিরোধ মোকাবিলা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি আনুষ্ঠানিক নীতি প্রণয়ন করা উচিত।

২. বিসিবির স্বাধীনতা জোরদার করা

এই বিতর্কে সিদ্ধান্তটি সরকার, বিসিবি নাকি খেলোয়াড়দের পক্ষ থেকে এসেছে—তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। ভবিষ্যতে পরিচালনাগত সংস্কারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং যোগাযোগের দায়িত্ব কার—তা স্পষ্টভাবে নির্ধারণ করা উচিত।

৩. সংকটকালীন যোগাযোগব্যবস্থা উন্নত করা

কর্মকর্তাদের ও খেলোয়াড়দের পরস্পরবিরোধী বক্তব্য জনমনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ভবিষ্যতে এ ধরনের বিরোধের ক্ষেত্রে একজন নির্ধারিত মুখপাত্র এবং একটি স্বচ্ছ যোগাযোগ কৌশল গ্রহণ করলে জনসাধারণের আস্থা বজায় রাখতে সহায়তা করবে।

৪. খেলোয়াড়দের কল্যাণ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া

যদি প্রকৃত নিরাপত্তাজনিত উদ্বেগ থাকে, তাহলে স্বাধীনভাবে নিরাপত্তা মূল্যায়ন করা উচিত এবং সিদ্ধান্তগুলো যাতে বাস্তব তথ্য ও প্রমাণের ভিত্তিতে নেওয়া হয়, তা নিশ্চিত করতে সেই মূল্যায়নের ফল খেলোয়াড়, আইসিসি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে শেয়ার করা উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত