Ajker Patrika

পদত্যাগের ঘোষণা দিয়েও থাকতে হলো কোচকে

ক্রীড়া ডেস্ক    
পদত্যাগের ঘোষণা দিয়েও থাকতে হলো কোচকে
ইসমাইল কারতাল। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পরই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ফেনেরবাচের কোচ ইসমাইল কারতাল। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত টিকল মাত্র কয়েক মিনিট। কারতালের সিদ্ধান্ত বদলে দেন ক্লাব সভাপতি আজিজ ইলদিরিম।

৬৫ বছর বয়সী কারতাল সংবাদ সম্মেলনে বলেন, তিনি ক্লাব ছেড়ে দিচ্ছেন এবং আর কখনো ফিরবেন না। ক্লাবের স্বার্থে পথ পরিষ্কার করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে সংবাদ সম্মেলনের পরই ইলদিরিম জানান, কারতাল দায়িত্ব চালিয়ে যাবেন।

কারতালের এমন সিদ্ধান্তের পেছনে ম্যাচ চলাকালে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাকেও কারণ হিসেবে উল্লেখ করেন ইলদিরিম। ফেনেরবাচে সভাপতি বলেন, ‘আজ সন্ধ্যায় ম্যাচ চলাকালে কয়েকজন সমর্থক কোচের মাথায় একটি বোতল ছুড়ে মেরেছিল। এতে সে প্রভাবিত হয়েছিল।’

কারতালের সঙ্গে নিজের কথোপকথনের বিষয়টিও তুলে ধরেন ইলদিরিম, ‘আমি এইমাত্র ইসমাইল কারতালের সঙ্গে কথা বলেছি। সে বোতল-কাণ্ডের কথা বলেছে এবং চাপের মধ্যে থাকার বিষয়েও অভিযোগ করেছে।’

কারতাল দায়িত্বে থাকবেন কি না—এমন প্রশ্নের জবাবে ইলদিরিম বলেন, ‘সে যে প্রকাশ্যে বলবে, সে দায়িত্ব চালিয়ে যাবে—এমন কোনো প্রয়োজন নেই। আমি তার চেয়ে বয়সে বড়। আমি তাকে বলেছি, নিজের কাজ চালিয়ে যেতে। এটাই বিষয়টির শেষ। আমরা একটি পরিবার।’

ফেনেরবাচের হয়ে খেলোয়াড় হিসেবে প্রায় এক দশক কাটিয়েছেন কারতাল। কোচ হিসেবেও ক্লাবটির দায়িত্ব নিয়েছেন একাধিকবার। ২০১৪-১৫ মৌসুমে প্রথমবার প্রধান কোচ হন তিনি। ২০২১-২২ মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করার পর ২০২৩-২৪ মৌসুমে আবার পূর্ণকালীন দায়িত্ব পান। গত জুনে চতুর্থবারের মতো ফেনারবাহচের কোচের দায়িত্ব নেন কারতাল।

কারতালের অধীনে ১৮ বছর পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে জায়গা করে নেয় ফেনেরবাচে। সেই প্রত্যাবর্তনের ম্যাচেই রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করে তুরস্কের ক্লাবটি। তবে ম্যাচ শেষে ফলাফলের চেয়ে কোচের পদত্যাগের ঘোষণা এবং কয়েক মিনিটের মধ্যে সভাপতির তা প্রত্যাখ্যানই হয়ে ওঠে রাতের সবচেয়ে আলোচিত ঘটনা।

গত পাঁচ মৌসুম ধরে তুরস্কের সুপার লিগে রানার্সআপ হয়েছে ফেনারবাহচে। চ্যাম্পিয়ন্স লিগে দীর্ঘ অপেক্ষার পর ফেরা দলটির সামনে এখন ইউরোপের মঞ্চে আরও কঠিন পরীক্ষা। আর সেই অভিযানে কারতালই থাকছেন ডাগআউটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত