Ajker Patrika

ঠান্ডা মাথার ‘অপেশাদার’ গোলমেশিন

আনোয়ার সোহাগ, ঢাকা
ঠান্ডা মাথার ‘অপেশাদার’ গোলমেশিন
কাতারের বিপক্ষে আরও এক গোল। আবারও উচ্ছ্বাস গোলদাতা জোনাথন ডেভিডের। তাঁর হ্যাটট্রিকের সুবাদে এশীয় দলটির বিপক্ষে ৬-০ গোলে জিতেছে ডেভিডের দল কানাডা। ছবি: এএফপি

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে গত বৃহস্পতিবার রাতে কাতারকে ৬-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কানাডা। আর এই ঐতিহাসিক জয়ের নায়ক ২৬ বছর বয়সী স্ট্রাইকার জোনাথন ডেভিড। ম্যাচটিতে চোখধাঁধানো এক হ্যাটট্রিকে তিনি শুধু দলকে বড় জয়ই এনে দেননি, নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়। চলতি বিশ্বকাপে লিওনেল মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন ডেভিড। পাশাপাশি ১৯৬৬ সালের পর প্রথম কোনো আয়োজক দেশের ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে ঘরের মাঠে হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন এই জুভেন্টাস তারকা।

মাঠে চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য ডেভিড ‘আইসম্যান’ নামে পরিচিত। কানাডার প্রধান কোচ জেসি মার্শ তাঁকে নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন। ডি-বক্সের ভেতর তাড়াহুড়ো না করে নিখুঁত ফিনিশিংয়ে গোল করাই ডেভিডের প্রধান শক্তি, যার প্রমাণ মিলেছে কাতারের বিপক্ষে ম্যাচের প্রতিটি গোলে।

অথচ ডেভিডের ফুটবলার হয়ে ওঠার পথটা উত্তর আমেরিকার প্রথাগত একাডেমি ব্যবস্থার মধ্য দিয়ে হয়নি। ব্রুকলিনে হাইতিয়ান দম্পতির ঘরে জন্ম নেওয়ার পর শৈশবে তাঁর পরিবার কানাডার অটোয়ায় চলে যায়। ১০ বছর বয়সে অটোয়ার স্থানীয় অপেশাদার ক্লাব গ্লুচেস্টার ড্রাগনসের হয়ে ফুটবলে তাঁর যাত্রা শুরু। পরে অটোয়া ইন্টারন্যাশনালসের হয়ে খেলে নিজের ফুটবল ভিত্তি গড়ে তোলেন। উত্তর আমেরিকার মূলধারার একাডেমি রুট এড়িয়ে মাত্র ১৮ বছর বয়সে বেলজিয়ামের ক্লাব জেন্টে যোগ দেন তিনি। সেখানে প্রতি দুই ম্যাচে এক গোল করার চমৎকার রেকর্ড তাঁকে ইউরোপের নজরে এনে দেয়।

২০২০ সালে ৩০ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে ফরাসি ক্লাব লিলেতে যোগ দেন ডেভিড। প্রথম মৌসুমেই পিএসজিকে পেছনে ফেলে লিলের লিগ ওয়ান শিরোপা জয়ে প্রধান ভূমিকা রাখেন তিনি। লিলেতে কাটানো পাঁচ বছরকে নিজের ‘ফুটবল বিশ্ববিদ্যালয়’ মনে করেন এই স্ট্রাইকার। সেখানে বিভিন্ন কোচের অধীনে কখনো একক স্ট্রাইকার, কখনো সহকারী স্ট্রাইকার হিসেবে খেলে নিজের খেলায় ট্যাকটিক্যাল বৈচিত্র্য এনেছেন। লিলের হয়ে ২৩১ ম্যাচে ১০৯ গোল করে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল ফরোয়ার্ডে পরিণত হন তিনি।

লিলের চুক্তি শেষ হওয়ার পর ২০২৫ সালের জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দেন ডেভিড। সিরি ‘আ’র কঠোর রক্ষণাত্মক ও অতি-ট্যাকটিক্যাল ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়ে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ গোল করেন। লুসিয়ানো স্পালেত্তির অধীনে ইতালির সেই কঠিন ফুটবল পাঠ ডেভিডকে আরও পরিপক্ব করেছে, যা এখন জাতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছে। কাতারের বিপক্ষে এই বড় জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষে রয়েছে কানাডা। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের আগে সহ-আয়োজক দেশটি এখন নকআউট পর্বের ঐতিহাসিক স্বপ্ন ছোঁয়ার অপেক্ষায়, যার মূল ভরসা জোনাথন ডেভিডের ফর্ম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত