
সংবাদ সম্মেলন স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ পাশের দরজা ঠেলে একদল ফুটবলার আর স্টাফ ঢুকে পড়লেন ভেতরে। মুহূর্তেই কোচ ভিনসেঞ্জো মন্তেল্লাকে ভিজিয়ে দেওয়া হলো পানির ফোয়ারায়। পেছনের বিজ্ঞাপনী ব্যানারগুলো কাঁপছিল তুর্কিদের বুনো উল্লাসে। মন্তেল্লা নিজেও যোগ দিলেন সেই বাঁধভাঙা উদ্যাপনে। গত দুই দশকে তুরস্কের ডাগআউটে অনেক কোচই বসেছেন, কিন্তু তাঁরা যা করতে পারেননি তা-ই করে দেখিয়েছেন এই ইতালিয়ান। ২৪ বছর পর তুরস্ককে জায়গা করে দিয়েছেন বিশ্বকাপের মঞ্চে।
বাছাইপর্বের গ্রুপে স্পেনের পেছনে থেকে দ্বিতীয় হলেও তুরস্কের পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না। তবে তুর্কিরা খুব কমই কোনো কাজ সহজভাবে করে থাকে। প্লে অফের কথাই ধরুন, রোমানিয়া ও কসোভোর মতো দলের বিপক্ষে তাদের জিততে হয়েছে ১-০ ব্যবধান। উভয় ম্যাচেই ৫৩ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেছে মন্তেল্লার শিষ্যরা। এই ‘ম্যাজিক্যাল ৫৩’ এখন কোটি তুর্কি ভক্তের কাছে বিশ্বকাপে ফেরার পয়া সংখ্যা। বিশেষ করে কসোভোর বিপক্ষে কেরেম আক্তুরকোগ্লুর সেই জয়সূচক গোলটি ছিল জমাট বাঁধা মেঘ কাটানোর একঝলক রোদ্দুর।
তুরস্কের এই ফিরে আসার গল্পটি তারুণ্য ও অভিজ্ঞতার এক দুর্লভ সংমিশ্রণে লেখা। রিয়াল মাদ্রিদের আর্দা গুলের এবং জুভেন্তাসের কেনান ইলদিজ যখন আক্রমণভাগে ঝড় তোলেন, তখন গ্যালারিতে নস্টালজিয়া কাজ করে। অথচ তুরস্ক যখন সর্বশেষ ২০০২ বিশ্বকাপে তৃতীয় হয়ে বিশ্বকে চমকে দিয়েছিল, তখন এই দুই বিস্ময় বালকের জন্মই হয়নি। তাঁদের এই অদম্য যৌবনকে মাঝমাঠে অভিজ্ঞতার ছায়ায় আগলে রাখছেন অধিনায়ক হাকান কালহানোগ্লু। ইতালীয় কোচ মন্তেল্লা দলের রন্ধ্রে রন্ধ্রে জয়ের ক্ষুধা ছড়িয়ে দিয়েছেন। পাসপোর্টে তিনি বিদেশি হলেও তুরস্কের মানুষের আবেগ আর ফুটবলীয় উন্মাদনাকে তিনি ধারণ করেছেন নিজের মধ্যে।
ইতিহাস বলছে তুরস্ক বিশ্বকাপে আসা মানেই নতুন কোনো রূপকথা লেখা। ১৯৫৪ সালে দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসানো কিংবা ২০০২ সালে হাকান শুকুরের সেই ১১ সেকেন্ডের রেকর্ড গড়া গোল এবং সেমিফাইনালে ওঠা—সবই তুর্কিদের লড়াকু চরিত্রের পরিচয় দেয়। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, এবারের তুরস্ক দলটি আগের চেয়ে অনেক বেশি লড়াকু। রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে উঠতে মন্তেল্লা যে নতুন ছক কষেছেন, তা উত্তর আমেরিকার কন্ডিশনে বড় দলগুলোর জন্য আতঙ্কের কারণ হতে পারে।
মন্তেল্লার অধীনে গত আড়াই বছরে ২৪ ম্যাচের ১৬টিতে জয় পেয়েছে তুরস্ক। এবারও তারা ‘ডার্ক হর্স’? ইউরো চ্যাম্পিয়নশিপগুলোতে প্রত্যাশা পূরণ করতে না পারার দীর্ঘ ইতিহাসের কারণে হয়তো তকমাটি রসিকতায় পরিণত হতে পারে। তবে দুই দশক আগের সেই সোনালি গৌরব ফিরিয়ে আনাই এখন নতুন প্রজন্মের একমাত্র লক্ষ্য। আক্ষেপ ঘুচিয়ে ফেরার এই যাত্রা এবার বড় কোনো সাফল্যের মুকুটে শেষ হবে কি না, তা দেখার অপেক্ষা। অবশ্য ভ্যাঙ্কুভার থেকে লস অ্যাঞ্জেলেস লাল-সাদা পতাকা ওড়ান সেই স্বপ্নই দেখাবে।

সাবেক ইতালীয় স্ট্রাইকার ভিনসেঞ্জো মন্তেল্লা তুরস্কের হাল ধরেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। সিরি আতে ১৪১ গোল ও রোমার হয়ে লিগ শিরোপাজয়ী এই তারকা এসি মিলান ও সেভিয়ার মতো ক্লাবে কোচিং করিয়েছেন। আদানা দেমিরস্পোরে সাফল্যের পর তুরস্কের চতুর্থ ইতালীয় কোচ হিসেবে স্টিফান কুন্টজের স্থলাভিষিক্ত হন তিনি। সমর্থকদের কাছে দারুণ জনপ্রিয় মন্তেল্লা তুর্কি আবেগের সঙ্গে মিশে গিয়ে বলেন, ‘আমি এখন নিজেকে একজন তুর্কির মতোই অনুভব করি এবং তাদের মতোই চিন্তা করি।’

আর্দা গুলের এখন আর শুধু প্রতিভাবান তরুণ নন, তুরস্কে তিনি দিয়েগো ম্যারাডোনার মতোই বরণীয়। রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজের জাদুকরি বাঁ পায়ে ইউরোপ মাতিয়ে এবার তিনি বিশ্বকাপের অন্যতম বড় আকর্ষণ। সেন্টার থেকে এবং প্লে-অফে অসাধারণ অ্যাসিস্টে সবার নজর কেড়েছেন। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মনে করেন, গুলের এখন আর শুধু ‘সম্ভাবনাময়ী’ নন, বরং তিনি এমন ফুটবলার যিনি একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন।
র্যাঙ্কিং: ২২
অঞ্চল: ইউরোপ
সর্বোচ্চ সাফল্য: তৃতীয় (২০০২)
অংশগ্রহণ: ৩
ডাকনাম: আয়-ইলদজলুলার
বিশ্বকাপে
ম্যাচ জয় হার ড্র
১০ ৫ ৪ ১
১৪ জুন অস্ট্রেলিয়া ভ্যাঙ্কুভার সকাল ১০টা
২০ জুন প্যারাগুয়ে সানফ্রান্সিসকো সকাল ১০টা
২৬ জুন যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলেস সকাল ৮টা

ডালাসের এই দুপুরে লিওনেল মেসি তাঁর পায়ের জাদুতে এত সব দৃশ্যকাব্য রচনা করেছেন, কোনটা ছেড়ে কোনটা বলি। তবে ওই দৃশ্যটা, ওই যে ম্যাচ শেষের দৃশ্যটা—যখন গ্যালারির কাছে লিওনেল মেসি দর্শকদের অভিবাদন আর শুভেচ্ছার উত্তর দিতে যাচ্ছিলেন, তখন তাঁকে দেখে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরলেন হোসে পেকারম্যান।
৯ মিনিট আগে
হাইড্রেশন ব্রেক, মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, ভিএআরের কার্যপরিধির বিস্তারসহ ২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নিয়মই তো নিয়ে এসেছে ফিফা। এরই মধ্যে ফুটবল বিশ্বকাপের ৪৮ ম্যাচ হয়ে গেছে। ৪৮ দলের প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। এমন অবস্থায় টুর্নামেন্টের নিয়ম পরিবর্তনের চিন্তা করছে ফিফা।
১৮ মিনিট আগে
ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। সিরিজ শেষে আইসিসির র্যাঙ্কিংয়ে তাওহীদ হৃদয়-নাসুম আহমেদরা যেমন সুখবর পেয়েছেন, আবার অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানদেরও।
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের সময় পুরো বিশ্বের মতো বাংলাদেশও বুঁদ হয়ে থাকে ফুটবল উন্মাদনায়। প্রিয় দলের গোলের সময় পাড়া-মহল্লা, অলিতে গলিতে শোনা যায় চিৎকার। চায়ের কাপে ঝড় তোলার মতো সামাজিক মাধ্যমেও প্রিয় দলের প্রশংসার পাশাপাশি চলতে থাকে বিপক্ষ দলের সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রুপও। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বিশ্ব
২ ঘণ্টা আগে