Ajker Patrika

১৮ মাস পর এমন অবস্থা হলো বায়ার্নের

ক্রীড়া ডেস্ক    
১৮ মাস পর এমন অবস্থা হলো বায়ার্নের
শালকের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বায়ার্ন মিউনিখ। পয়েন্ট ভাগের পর একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন কেন। ছবি: সংগৃহীত

বুন্দেসলিগায় দীর্ঘদিনের গোল-উৎসব থামল বায়ার্ন মিউনিখের। নতুন করে জার্মান শীর্ষ লিগে ওঠা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর ফলে ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোল করতে পারল না জার্মানির পরাশক্তিরা।

বায়ার্নের গোল পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ান শালকের গোলরক্ষক লরিস কারিয়ুস। একের পর এক দুর্দান্ত সেভ করে বায়ার্নের আক্রমণভাগকে হতাশ করেন তিনি। শেষ দিকে হ্যারি কেইনের প্রচেষ্টাও ঠেকিয়ে দেন। ইংল্যান্ডের অধিনায়ককে একাদশে রেখেই ম্যাচ শুরু করেছিলেন কোম্পানি, আর মাইকেল ওলিসেকে রেখেছিলেন বেঞ্চে।

কারিয়ুসের ক্লিন শিটে থেমে যায় বায়ার্নের টানা ৪৭ বুন্দেসলিগা ম্যাচে গোল করার ধারাবাহিকতা। এর আগে সবশেষ ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি বায়ার লেভারকুসেনের বিপক্ষে ০-০ গোলে ড্র করেছিল বাভারিয়ানরা।

সব প্রতিযোগিতা মিলিয়েও বায়ার্নের গোল করার ধারায় ছেদ পড়েছে। ২০২৫ সালের জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে ২-০ গোলে হারের পর প্রতিটি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছিল তারা। শালকের বিপক্ষে সেই ধারাও শেষ হলো।

শালকের সঙ্গে ড্র করলেও কোম্পানি অবশ্য সুযোগ তৈরির দিক থেকে নিজের দলের পারফরম্যান্সে হতাশ নন। তিনি বলেন, ‘আমাদের মুহূর্ত ছিল এবং বড় সুযোগও পেয়েছিলাম। গোলরক্ষকের সঙ্গে একের বিপক্ষে এক অবস্থায় আমরা দুই-তিনটি সুযোগ পেয়েছিলাম। আপনি যখন এমন একটি জমাট, আগ্রাসী দলের বিপক্ষে খেলবেন, যারা নিজেদের কাজটা ভালোভাবে করে, তখন ওই মুহূর্তগুলোতে আপনাকে গোল করতেই হবে। সুযোগের বিচারে আমরা এই ম্যাচ জিততে পারতাম, কিন্তু এটাই ফুটবল।’

শালকেকে এক পয়েন্ট এনে দেওয়ার নায়ক কারিয়ুসের প্রশংসায় বায়ার্নের গোলরক্ষক নয়্যার বলেন, ‘লরিস কারিয়ুস খুব ভালো খেলেছে এবং ম্যান অব দ্য ম্যাচ হওয়ার জন্য অবশ্যই সঠিক পছন্দ ছিল। আমরা তিনটি বড় সুযোগ পেয়েছিলাম, যেগুলো সে ঠেকিয়েছে। ম্যাচটি আমরা জিততে না পারার পেছনে সেটিই ছিল বড় কারণ।’

এই ড্রয়ে ২০১৭ সালের পর প্রথমবার বায়ার্নের বিপক্ষে পয়েন্ট পেল শালকে।

শুধু গোলের ধারাই থামেনি, এই ম্যাচের পর বুন্দেসলিগার শীর্ষস্থানও হারিয়েছে বায়ার্ন। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম তারা লিগ টেবিলের এক নম্বরে নেই। শনিবারের ড্রয়ের মধ্য দিয়ে টানা ৬৭ ম্যাচডে শীর্ষে থাকার ধারাবাহিকতাও শেষ হয়েছে তাদের।

বর্তমানে বুন্দেসলিগার শীর্ষে রয়েছে ফ্রাইবুর্গ। ভের্ডার ব্রেমেনকে ৪-১ গোলে হারানোর পর শনিবার পাডারবর্নকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত