Ajker Patrika

ক্যানিজিয়ার উপস্থিতিতে জমজমাট ফাইনাল

ক্রীড়া ডেস্ক    
ক্যানিজিয়ার উপস্থিতিতে জমজমাট ফাইনাল
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। ছবি: সংগৃহীত

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এলো আইএফএডি পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন সাবেক এই তারকা। তাঁর উপস্থিতি ও বক্তব্যে অনুপ্রাণিত হন টুর্নামেন্টে অংশ নেওয়া তরুণ ফুটবলাররা।

রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে হওয়া ফাইনালে দিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থ ক্যানিজিয়াকে কাছ থেকে দেখার ও তাঁর সঙ্গে সময় কাটানোর সুযোগ পান তরুণ খেলোয়াড়েরা। বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত এই তারকার উপস্থিতি তাদের জন্য হয়ে ওঠে বিশেষ এক অনুপ্রেরণার মুহূর্ত।

ঢাকার ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পান তরুণ ফুটবলাররা। ফাইনালে নৌবাহিনী কলেজ, ঢাকা ৩-০ গোলে বিআইটি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিআইটি স্কুল হয় রানার্স-আপ।

অনুষ্ঠানে আইএফএডি মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আরিফ জামান বলেন, ‘আমরা চাই আমাদের তরুণরা অতিরিক্ত সময় মোবাইল বা স্ক্রিনে না কাটিয়ে মাঠে খেলাধুলায় ফিরে আসুক। ফুটবল শুধু খেলা নয়, এটি শৃঙ্খলা, দলবদ্ধভাবে কাজ করা, নেতৃত্ব দেওয়া এবং প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে শেখায়। তরুণদের জন্য এমন সুযোগ তৈরি করতে করপোরেট প্রতিষ্ঠানগুলোরও এগিয়ে আসা উচিত। আমরা চাই, আমাদের তরুণ ফুটবলাররা তাদের স্বপ্ন অনুসরণ করুক এবং নিজেদের প্রতিভাকে আরও সামনে নিয়ে যাক।’

ক্যানিজিয়া বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের গভীর ভালোবাসার প্রশংসা করেন এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। খেলোয়াড় তৈরিতে মানসম্মত কোচিং, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা অর্জন এবং উচ্চতর প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও বলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

ক্যানিজিয়ার বক্তব্য বিশেষভাবে অনুপ্রাণিত করে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের, যাদের অনেকেরই স্বপ্ন ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ ছাড়া আইএফএডি গ্রুপ, ফোর্টিস এফসি ও স্পোর্টাম্যাজিকারের প্রতিনিধিরা, অংশগ্রহণকারী স্কুলগুলোর শিক্ষক ও কর্মকর্তারা, কোচ, অভিভাবক এবং ফুটবলপ্রেমীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত