
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় তাঁর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক দলের বিরুদ্ধে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন সরকারি কৌঁসুলিরা। বৃহস্পতিবার মামলার সমাপনী বক্তব্যে তাঁরা অভিযোগ করেন, চিকিৎসায় চরম অবহেলা ও বিশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে মৃত্যুর আগে ম্যারাডোনা অসহায় হয়ে পড়েছিলেন।
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় সাতজন চিকিৎসাকর্মীর বিরুদ্ধে গত এপ্রিল থেকে বিচার চলছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক লেওপোলদো লুকে, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন মনোবিজ্ঞানী ও কয়েকজন নার্স এবং চিকিৎসাসেবা সমন্বয়কারী। অভিযুক্তরা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ম্যরাডোনা। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস এইরেসের উপশহর তিগ্রেতে একটি ভাড়া বাড়িতে তাঁর মৃত্যু হয়। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং ফুসফুসে তরল জমে যাওয়াকে তাঁর মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর।
সমাপনী বক্তব্যে সরকারি কৌঁসুলি পাত্রিসিও ফেরাই বলেন, ‘অভিযুক্তদের বিশৃঙ্খল ব্যবস্থাপনা ম্যারাডোনাকে অসহায় পরিস্থিতিতে ফেলে দিয়েছিল এবং তাঁর ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিল।
ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লেওপোলদো লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন কৌঁসুলিরা। অন্য অভিযুক্তদের জন্য চার থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের আবেদন জানানো হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে দোলো ইভেনচুয়াল ধারায় অভিযোগ আনা হয়েছে। এই আইনি পরিভাষা এমন পরিস্থিতিকে বোঝায়, যখন কেউ নিজের কর্মকাণ্ডে ক্ষতি হতে পারে জেনেও তা চালিয়ে যান।
মামলার অন্যতম প্রধান প্রশ্ন হলো, অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার সময় ম্যারাডোনাকে হাসপাতালে না রেখে বাড়িতে রাখার সিদ্ধান্ত চিকিৎসাগত অবহেলা ছিল কি না। কৌঁসুলিদের দাবি, ওই বাড়িতে হাসপাতালের শয্যা, ডিফিব্রিলেটর কিংবা দ্রুত পৌঁছাতে সক্ষম অ্যাম্বুলেন্সের মতো জরুরি চিকিৎসাসুবিধার প্রায় সম্পূর্ণ অনুপস্থিতি চিকিৎসক দলের অবহেলার প্রমাণ।
আদালতে একাধিক চিকিৎসা বিশেষজ্ঞ সাক্ষ্য দিয়েছেন, মৃত্যুর আগে ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতির স্পষ্ট লক্ষণ দেখা গেলেও তাঁর দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা যথাযথ ব্যবস্থা নেননি। তাঁর শরীরে পানি জমেছিল, হৃদ্স্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
সহকারী সরকারি কৌঁসুলি কোসমে ইরিবারেন বলেন, ‘দিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যু স্পষ্টতই হঠাৎ করে ঘটেনি। এই মর্মান্তিক পরিণতির লক্ষণ অনেক আগে থেকেই দেখা দিতে শুরু করেছিল।’
শুনানিতে ম্যারাডোনার মৃত্যুর পর বিছানায় শায়িত অবস্থার কিছু মর্মান্তিক ছবিও আদালতে দেখানো হয়। ছবিতে তাঁর পেট অস্বাভাবিকভাবে ফুলে থাকতে দেখা যায়। এ সময় আদালতে উপস্থিত তাঁর তিন মেয়ে ছবিগুলো দেখতে না পেরে মুখ ঢেকে রাখেন।
সমাপনী বক্তব্য উপস্থাপনের প্রক্রিয়া প্রায় দুই সপ্তাহ চলতে পারে। তবে রায় ঘোষণার তারিখ এখনো নির্ধারিত হয়নি।
ম্যারাডোনার মৃত্যু নিয়ে এর আগে শুরু হওয়া প্রথম বিচারটি গত বছর বাতিল হয়ে যায়। আড়াই মাসের শুনানির পর জানা যায়, বিচারকদের একজন মামলাটি নিয়ে গোপনে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিচারপ্রক্রিয়া বাতিল করা হয়।

দলবদল নিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে টানাপোড়েনের পর এবার দীর্ঘদিনের এজেন্ট ফার্নান্দো ইদালগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন হুলিয়ান আলভারেস। নতুন এজেন্ট খুঁজছেন এই ফরোয়ার্ড। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
৪ মিনিট আগে
আবুধাবিতে প্রথম সেশনটা বাংলাদেশেরই ছিল। কিন্তু লাঞ্চ বিরতির পর খেলা শুরু হতেই খেই হারায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশের অর্ধেক ব্যাটার ড্রেসিংরুমে ফিরে গেছেন।
১৮ মিনিট আগে
মেসি নেই—আর্জেন্টিনা জাতীয় দলের সামনে এখন এটাই বাস্তবতা। সন্দেহ নেই, সামনে সেই বাস্তবতা বড় কঠিন হবে। মেসি দলে থাকলে আর্জেন্টিনা এক দল, আর না থাকলে তারা আরেক দল। দীর্ঘ দুই দশক ধরে যিনি ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার শেষ আশ্রয়, সেই মেসি আর্জেন্টিনা দলে না থাকলে তাদের নিয়ে প্রতিপক
৪০ মিনিট আগে
অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে একেবারেই পাত্তা পায়নি বাংলাদেশ। ব্যাটিং-বোলিং সব বিভাগেই নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের। অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের সহজ পেয়েছে অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে