Ajker Patrika

ফ্রি-কিকে লো সেলসোর গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮: ৫০
ফ্রি-কিকে লো সেলসোর গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা
গোলের পর লো সেলসোর উচ্ছ্বাস। ছবি: এএফপি

বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুরুর একাদশে নেই লিওনেল মেসি। তাতে কী! ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে আলবিসেলেস্তেরা। জিওভানি লো সেলসোর দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে ১-০ ব্যবধানে এগিয়েও আছে তারা।

৬ মিনিটের মাথায় জর্ডানের ডিফেন্স ভেঙে হুলিয়ান আলভারেসের নিখুঁত পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের চমৎকার ফিনিশিংয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান লো সেলসো। তবে রেফারি অফসাইডের বাঁশি বাজানোয় বিশ্বকাপে নিজের অভিষেক গোলের উদ্‌যাপন কিছুটা পিছিয়ে যায় এই মিডফিল্ডারের। এর কিছুক্ষণ পর ১২ মিনিটে ডান প্রান্ত থেকে জুলিয়ানো সিমিওনের কল্যাণে ম্যাচের প্রথম কর্নার পায় আর্জেন্টিনা। লো সেলসোর দারুণ ক্রসে হেড করেছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। তবে বল জর্ডানের ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

এই ম্যাচে কিছুটা ভিন্ন কৌশলে দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এসেকিয়েল পালাসিওসকে আজ রাইট-ব্যাক পজিশনে খেলানো হচ্ছে, আর তার ঠিক সামনে উইং সামলাচ্ছেন সিমিওনে। জর্ডান পুরোপুরি রক্ষণাত্মক মেজাজে থাকায় পালাসিওস কোনো চাপ ছাড়াই আক্রমণভাগে বাড়তি সুবিধা যোগ করছেন।

ম্যাচের ১৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই গোল। ডি-বক্সের ঠিক বাইরে লো সেলসোকে ফাউল করায় জর্ডানের আবু তাহাকে হলুদ কার্ড দেখান রেফারি, যদিও ট্যাকলটি ফাউল ছিল কি না, তা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। ফ্রি-কিক নিতে এসে বাঁ পায়ের নিখুঁত ও বাঁকানো শটে জর্ডানের প্রাচীর ভেদ করেন লো সেলসো নিজেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত