Ajker Patrika

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক    
ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে
আজ রাতে ব্যালন ডি’অর অনুষ্ঠানে থাকছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: ফাইল ছবি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। লন্ডনে আজ বাংলাদেশ সময় রাত ২টায় ঘোষণা করা হবে ব্যালন ডি’অরে পুরস্কারপ্রাপ্তদের নাম। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের রাতে দেখা যাবে কিলিয়ান এমবাপ্পে-হ্যারি কেইনদের মতো তারকাদেরও।

ইতালিয়ান সাংবাদিক ফাব্রিৎসিও রোমানোর বরাতে জানা গেল এমবাপ্পের সিদ্ধান্তের কথা। ফরাসি তারকা ফরোয়ার্ড লন্ডনে ব্যালন ডি’অর অনুষ্ঠানে থাকবেন বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে উল্লেখ করেছেন। পুরস্কারের জন্য মনোনীত এই স্ট্রাইকারের উপস্থিতি রিয়াল মাদ্রিদের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ, দুই বছর অনুপস্থিত থাকার পর রিয়াল মাদ্রিদ আবারও ব্যালন ডি’অরে নিজেদের প্রতিনিধিদের পাঠাতে যাচ্ছে।

হ্যারি কেইন ও লামিনে ইয়ামালও ব্যালন ডি’অর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে রোমানো উল্লেখ করেছেন। কেইন-ইয়ামালও পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বিশ্বের ফুটবলের অন্যতম সেরা তারকাদের উপস্থিতিতে জমকালো এক অনুষ্ঠানে পরিণত হতে যাচ্ছে এবারের আয়োজন।

২০২৪ ব্যালন ডি’অর থেকেই রিয়াল মাদ্রিদের অনুপস্থিতির শুরু। সেবার শেষ মুহূর্তে প্যারিস সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় রিয়াল। কারণ, তারা জানতে পেরেছিল যে অন্যতম ফেবারিট হওয়া সত্ত্বেও রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি পাচ্ছেন না। শেষ পর্যন্ত দুর্দান্ত একটি মৌসুম কাটানোর সুবাদে পুরস্কারটি জেতেন রদ্রি। অন্যদিকে ২০২৩-২৪ মৌসুমে ভিনি রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ অবদান রেখেছিলেন।

রিয়াল মাদ্রিদ ২০২৫ ব্যালন ডি’অরেও রিয়াল কোনো প্রতিনিধি পাঠায়নি। চলতি বছর তাদের ফিরে আসার মাধ্যমে টুর্নামেন্টের সঙ্গে দূরত্ব ঘুচে যাচ্ছে। ব্যালন ডি’অরের আয়োজন নিয়ে রিয়ালের অসন্তোষ এবং সুপার লিগ ইস্যুতে উয়েফার সঙ্গে বিরোধের কারণেই এই দূরত্ব তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়।

৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছরে এবারই প্রথম ফ্রান্সের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর অনুষ্ঠান। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অরজয়ী ইংলিশ ফুটবলার স্ট্যানলি ম্যাথিউসের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ভেন্যু নির্বাচন করা হয়েছে। ফ্রান্স ফুটবল ও উয়েফার যৌথ আয়োজনে এবার হচ্ছে ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অরের পুরস্কারে মনোয়নপ্রাপ্তদের তালিকায় লিওনেল মেসি, দুই মার্তিনেসসহ আছেন ৩০ ফুটবলার। মেসিসহ আর্জেন্টিনার ৩ ফুটবলার আছেন মনোনয়নপ্রাপ্ত ফুটবলারদের তালিকায়। অপর দুই আর্জেন্টাইন ফুটবলার হলেন এমিলিয়ানো মার্তিনেস, লাউতারো মার্তিনেস। মেসি এখানে প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে। কারণ, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ৮ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জিতেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত