
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াই ঘিরে নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে আর্জেন্টিনা সরকার। আগামীকাল দিবাগত রাত ১টায় বুধবার যুক্তরাষ্ট্রের আটালান্টায় হতে যাওয়া ম্যাচে বারাস ব্রাভাস নামে পরিচিত আর্জেন্টিনার সহিংস সমর্থক গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।
আর্জেন্টিনার ফেডারেল সরকারের বরাতে ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। বিশেষ করে যেসব সমর্থকের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, তাদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টুডো নোটিসিয়াসের (ক্লারিন গ্রুপের অংশ) প্রতিবেদন অনুযায়ী, ম্যাচকে কেন্দ্র করে ফ্যালকন অ্যালার্ট নামের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এনেছে দেশটির সরকার। আগে এই ব্যবস্থার মাধ্যমে কোনো নিষিদ্ধ সমর্থক আর্জেন্টিনা ছাড়লে শুধু গন্তব্য দেশের কর্তৃপক্ষকে সতর্ক করা হতো। এখন থেকে সেই তথ্য ফ্রাঙ্কো বেরলিনকেও জানানো হবে।
ফ্রাঙ্কো বেরলিন আর্জেন্টিনার জাতীয় ক্রীড়া ইভেন্ট নিরাপত্তা বিভাগের পরিচালক। বিশ্বকাপ শুরুর পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং আর্জেন্টিনার ম্যাচগুলোর নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করছেন। প্রয়োজনে তিনি নিজেও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে সতর্কবার্তা দিতে পারবেন—এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে।
এ ছাড়া আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম ঘিরে নিরাপত্তা আরও জোরদারের সুপারিশ করেছে আর্জেন্টিনা। স্টেডিয়ামের আশপাশে পুলিশের সংখ্যা বাড়ানো, ভেতরে বেসরকারি নিরাপত্তাকর্মী বৃদ্ধি এবং প্রবেশপথে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারকে আর্জেন্টিনার পক্ষ থেকে ৩৫ হাজার আর্জেন্টাইন নাগরিকের একটি তালিকাও দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি, যাদের অপরাধমূলক রেকর্ড রয়েছে এবং যাদের সন্তানের ভরণপোষণ সংক্রান্ত বকেয়া রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির কর্তৃপক্ষই নেবে। প্রতিটি ব্যক্তির তথ্য আলাদাভাবে যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের এই সেমিফাইনাল শুধু মাঠের লড়াই নয়, দুই দেশের দীর্ঘ ফুটবল প্রতিদ্বন্দ্বিতার কারণেও বাড়তি গুরুত্ব পাচ্ছে। তাই ম্যাচটির নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী স্পেন। উল্টো প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে রাখলেন স্প্যানিশদের তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল। জানালেন, শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নামার আগে কোনো চাপ অনুভব করছেন না তাঁরা।
১৫ মিনিট আগে
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। সে ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ফাইনালের লক্ষ্যে মাঠে নামার আগে এরই মধ্যে কানসাস সিটি ছেড়েছে লা আলবিসেলেস্তেরা। তার আগে কানসাসকে বিদায়ে জানিয়ে বার্তা দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।
২ ঘণ্টা আগে
এবারের ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে ফুটবল মহলে। তবে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের মতে, এই পরিসংখ্যানকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির প্রশংসা করেছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে মেসির উপস্থিতিতে ভীত নন তিনি। বরং নিজেদের সামর্থ্য, ভারসাম্য ও দলীয় ঐক্যের ওপরই আস্থা রাখছেন এই গোলরক্ষক।
৪ ঘণ্টা আগে