Ajker Patrika

ইংলিশ তারকার ভবিষ্যৎ অনিশ্চিত

ক্রীড়া ডেস্ক    
ইংলিশ তারকার ভবিষ্যৎ অনিশ্চিত
ধারে বার্সার হয়ে খেলছেন রাশফোর্ড। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। তার আগে ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ডের ক্লাব ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় খেলছেন ২৮ বছর বয়সী এই তারকা। তাঁকে পাকাপাকিভাবে কাম্প ন্যু-তে রেখে দেওয়ার বিষয়ে কাতালান ক্লাবটি সবদিক খতিয়ে দেখলেও দলবদলের অঙ্ক নিয়ে দুই ক্লাবের মধ্যে এখনো কোনো বনিবনা হয়নি।

চুক্তির শর্ত অনুযায়ী, ২৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সেলোনা রাশফোর্ডকে কিনে নিতে পারে। বর্তমানে তারা তার পুরো বেতন বহন করলেও আগামী মৌসুমে বেতনকাঠামো নিয়ে জটিলতা রয়েছে। ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে, তবে রাশফোর্ডের সাপ্তাহিক বেতন বেড়ে দাঁড়াবে ৩ লাখ ১৫ হাজার পাউন্ডে। বার্সেলোনা এই ফিতে কিছুটা ছাড় চাইলেও ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি নিজেদের শর্তে অনড়। এই কেনা-বেচার সময়সীমা শেষ হবে বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক চার দিন আগে।

চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন ইংলিশ এই ফরোয়ার্ড। ১২টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ থেকে বার্সাকে ৯ পয়েন্টে এগিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছেন তিনি। তার জাদুকরী পারফরম্যান্সেই দলটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। যদিও সআতলেতিকো মাদ্রিদের কাছে হেরে তাদের বিদায় নিতে হয়েছে।

গত জানুয়ারিতে রুবেন আমোরিম বরখাস্ত হলেও ইউনাইটেডে রাশফোর্ডের ফেরার সম্ভাবনা বেশ কম। ক্লাবটি বর্তমানে কাসেমিরো ও জেডন সাঞ্চোর মতো উচ্চ বেতনের খেলোয়াড়দের ছেড়ে দিয়ে খরচের বোঝা কমানোর চেষ্টা করছে। রাশফোর্ডের বিশাল বেতনও তাদের জন্য উদ্বেগের কারণ। তবে বার্সেলোনা যদি তাকে কিনতে না পারে, তবে আরও এক বছরের জন্য ধারে চাওয়ার প্রস্তাব দিতে পারে। অন্যথায় প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে পারে ইউনাইটেড।

তবে রাশফোর্ড যে পজিশনে খেলেন, সেই পজিশনের জন্যই নতুন ফুটবলার খুঁজছে ইউনাইটেড। রেড ডেভিল কোচ ক্যারিক নিজেই নিশ্চিত করেছেন যে, তাদের টার্গেট তালিকায় একজন লেফট-সাইডেড ফরোয়ার্ড রয়েছে। গুঞ্জন আছে, লাইপজিগের ইয়ান দিওমান্দের দিকে চোখ রয়েছে ক্লাবটির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত