Ajker Patrika

রিয়ালের হয়ে আজ সাবেকদের বিরুদ্ধে কি জিততে পারবেন মরিনিও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২০
রিয়ালের হয়ে আজ সাবেকদের বিরুদ্ধে কি জিততে পারবেন মরিনিও
জোসে মরিনিও এবার রিয়াল মাদ্রিদের কোচ। ছবি: সংগৃহীত

যে ক্লাবকে ১৬ বছর আগে ইউরোপের সেরা বানিয়ে রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন, এবার সেই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করছেন জোসে মরিনিও। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল ও ইন্টার। ম্যাচটি তাই মরিনিওর জন্য একই সঙ্গে নতুন মিশনের শুরু ও সাবেক দলের সঙ্গে পুনর্মিলন।

২০০৯-১০ মৌসুমে ইন্টারকে অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছিলেন পর্তুগিজ কোচ মরিনিও। সিরি ‘আ’ ও কোপা ইতালিয়ার পর বার্নাব্যুতেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে ইউরোপসেরার মুকুট জেতে ইন্টার। ১৯৬৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি ইতালির প্রথম ক্লাব হিসেবে ট্রেবলও জিতেছিল তারা। ফাইনালের পরদিনই মরিনিও জানান, ইন্টারের ডাগআউটে সেটি সম্ভবত তাঁর শেষ ম্যাচ। সপ্তাহখানেক পর রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

এরপর অবশ্য সেই সাফল্যের উচ্চতায় আর ফিরতে পারেননি মরিনিও কিংবা ইন্টার। পরে আরও দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠে ইন্টার। কিন্তু দুবারই হেরেছে; ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে এবং ২০২৫ সালে পিএসজির কাছে। আর রিয়ালের কোচ হিসেবে মরিনিও সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছেন।

এবার দ্বিতীয় মেয়াদে বার্নাব্যুর দলটির দায়িত্ব নিয়ে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ—রিয়ালকে আবার ইউরোপের সিংহাসনে ফেরানো। গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাশিত সাফল্য পায়নি রিয়াল। ২০২৫ সালে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে এবং গত মৌসুমে শেষ ষোলোয় বায়ার্নের কাছে হেরে বিদায় নেয় তারা। তবে এবার মরিনিওর হাত ধরেই ঘুরে দাঁড়ানোর আশা রিয়ালের।

চ্যাম্পিয়নস লিগে পোর্তোর হয়ে ২০০৪ এবং ইন্টারের হয়ে ২০১০ সালে শিরোপা জেতা মরিনিও জানেন, ইউরোপের শীর্ষে ওঠার পথটা কেমন। তাঁর প্রথম মেয়াদে রিয়ালকে স্পেনে বার্সেলোনার আধিপত্য ভাঙতে সাহায্য করলেও ইউরোপের দশম শিরোপা এনে দিতে পারেননি। পরে কার্লো আনচেলত্তি ও জিনেদিন জিদানের অধীনে রিয়াল ইউরোপসেরা হয়েছে আরও ছয়বার। ‘স্পেশাল ওয়ান’-এর হাত ধরে কি এবারও ইউরোপসেরা হতে পারবে রিয়াল?

.........................

আজকের খেলা

এইকে এথেন্স-লাস্ক লিঞ্জ

ক্লাব ব্রুগা-অ্যাস্টন ভিলা

বরুসিয়া ডর্টমুন্ড-ভিয়ারিয়াল

পোর্তো-ম্যানচেস্টার সিটি

লিল-রিয়াল বেতিস

রিয়াল মাদ্রিদ-ইন্টার মিলান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত