রদ্রিকে কি সত্যি বিশ্রাম দেবেন পেপ গার্দিওলা? রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ, হারলেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়—এমন একটি ম্যাচে মাঝমাঠের অন্যতম ইঞ্জিনকে বসিয়ে রাখতে নিশ্চয় চাইবেন না ম্যানচেস্টার সিটি কোচ।
গত সপ্তাহে মাদ্রিদ থেকে ফেরার পর স্প্যানিশ মিডফিল্ডার জানিয়েছিলেন, টানা খেলার ধকলের জন্য বিরতি নিতে চান। রিয়ালের বিপক্ষে ফিরতি লেগে খেলতে চান না। গার্দিওলাও জানান, রদ্রি বিরতি নিতে চাইলে না করবেন না। কিন্তু আজ রাতে বাঁচা-মরার ম্যাচে রদ্রিকে মাঠের বাইরে রাখার মতো ঝুঁকি নিশ্চয় নিতে চাইবেন না তিনি।
দিন চারেক আগে শিষ্যরা চোটে পড়ায় গার্দিওলা জানিয়েছিলেন, বড় সমস্যায় আছেন তাঁরা। তবে গতকাল সংবাদ সম্মেলনে রিয়ালকে পরোক্ষ হুমকিই দিয়ে রাখলেন তিনি। বার্সেলোনায় থাকতে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে কতবারই তো মুখোমুখি হতে হয়েছে গার্দিওলাকে। ইতিহাদে এসে সেই লড়াই এখন নতুন মাত্রা নিয়েছে। রিয়াল-সিটি ম্যাচ হয়ে উঠেছে ইউরোপের ধ্রুপদি লড়াই। ১৪ বারের চ্যাম্পিয়নস লিগজয়ীদের বিপক্ষে এমন আরেকটি লড়াইয়ের আগে গার্দিওলার কথা, ‘আমি তাদের ভয় পাচ্ছি না। অনেকবার তাদের মুখোমুখি হয়েছি। আমি রিয়াল মাদ্রিদকে শ্রদ্ধা করি এবং যদি বলি তাদের ভয় পাই, তবে সেটা মিথ্যা বলা হবে।’
গত মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে শেষ চারে রিয়ালকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হারিয়েছিল সিটি। আগের মৌসুমে সেমিতে রিয়াল ফাইনালে উঠেছিল সিটির হৃদয় ভেঙে। এবার দুই দলের শেষ আটের প্রথম সাক্ষাৎ ড্র হয়েছে ৩-৩ গোলে। তবে ব্লাঙ্কোসদের প্রতিশোধ নেওয়া যে এখনো বাকি! ইতিহাদে সবশেষ সফরে আনচেলত্তির দল উড়ে গিয়েছিল ৪-০ গোলে। রিয়াল সেই শোধ তুলে সেমিতে যাবে, নাকি সিটি ১১ মাস আগের স্মৃতি পুনরাবৃত্তি?
তবে বের্নার্দো সিলভার চোখে আরও দূরের ছবি। ডাবল ট্রেবলের স্বপ্ন তাঁর। গত মৌসুমে ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ঘরে তুলেছিল ট্রেবল। এবার ট্রেবল জয় থেকে আর ১২ ম্যাচ দূরে সিটিজেনরা। টানা দুই ট্রেবল জিতে আরেকটি ইতিহাস কি গড়তে পারবে সিটি? রিয়াল ম্যাচের আগে ট্রেবলেই অনুপ্রেরণা খুঁজছেন সিলভা, ‘নিঃসন্দেহে এটি অনুপ্রেরণার।’
লুটন টাউনকে লুট করে লিগের শীর্ষস্থানে ফেরার স্বস্তি নিয়ে রিয়ালকে আতিথেয়তা দেবে সিটি। সেই ম্যাচে রদ্রি, ফোডেন, ওয়াকার বিশ্রাম পেয়েছেন। আজ তাঁদের থেকে পূর্ণ পারফরম্যান্সই চাইবেন গার্দিওলা। তবে হালান্ডকে নিয়ে চিন্তাটা থেকেই যাচ্ছে। বড় ম্যাচে জ্বলে উঠতে পারেন না—নরওয়েজীয় স্ট্রাইকারকে নিয়ে কয়েক দিন ধরে যে অপবাদ চলছে, সেটিকে অবশ্য পাত্তা দিচ্ছেন না গার্দিওলা।
শেষ চারে ওঠার লড়াইয়ে আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। এমিরেটসে দুই দলের প্রথম লেগ ড্র হয়েছিল ২-২ গোলে।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
১১ মিনিট আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
৪৪ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
১ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
১ ঘণ্টা আগে