Ajker Patrika

উত্তর কোরিয়ার কাছে ১০ গোল খেয়ে সেই একই অজুহাত বাংলাদেশ কোচের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
উত্তর কোরিয়ার কাছে ১০ গোল খেয়ে সেই একই অজুহাত বাংলাদেশ কোচের
বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। ছবি: বাফুফে

দশ গোলের লজ্জার হার। অথচ ম্যাচ শেষে বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলারের কথায় আবারও সেই পুরোনো প্রসঙ্গ—মাঠের বাইরের হস্তক্ষেপ। উত্তর কোরিয়ার কাছে ১০–০ গোলে হারের পর দলের ভয়াবহ পারফরম্যান্সের দায় মাঠের ভেতরের জন্য নিলেও বাইরে কী হচ্ছে, তার দায় নিতে রাজি নন ইংলিশ কোচ। বরং মাঝরাতে খেলোয়াড়দের ফোন করা, কনফারেন্স কল করার মতো বিষয় সামনে এনে বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না।’

হার যত বড়ই হোক, বাটলারের এই অভিযোগ নতুন নয়। এর আগেও দলের ব্যর্থতার পর ভেতর ও বাইরের হস্তক্ষেপের প্রসঙ্গ তুলেছেন তিনি। এবার বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় হারের পরও ফিরে এল সেই একই কথা।

উত্তর কোরিয়ার বিপক্ষে দলের পারফরম্যান্সে অবশ্য নিজের দায় অস্বীকার করেননি বাটলার। প্রতিপক্ষের খেলার গতি বাংলাদেশের মেয়েরা সামলাতে পারেনি বলে স্বীকার করেছেন। এমনকি এই মানের দলের বিপক্ষে খেলার মতো যোগ্যতা বাংলাদেশের এখনো হয়নি—সেটিও বলেছেন তিনি, ‘আজ আমরা আমাদের সব নীতির বাইরে গিয়ে খেলেছি, যা আমাকে হতাশ করেছে। আর দুঃখজনকভাবে আমরা বড় ব্যবধানে হেরেছি এবং এটাই আমাদের প্রাপ্য ছিল। তবে মাঠের ভেতরের সবকিছুর পুরো দায় আমি নিচ্ছি। মাঠের বাইরের দায় আমি নিচ্ছি না।’

মাঠের বাইরের সেই জায়গাটিই পরে আরও পরিষ্কার করেছেন বাটলার। তাঁর দাবি, দলের মধ্যে সিনিয়র ও তরুণ—দুটি গ্রুপ তৈরি হয়েছে। তরুণদের গড়ে তোলার নীতি নিয়েও প্রশ্ন উঠছে বলে জানিয়েছেন তিনি, ‘মাঠের বাইরে যা ঘটছে, তা নিয়ে কিছু সমস্যা রয়েছে। মাঠের বাইরে কী হচ্ছে, তা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না।এখন তরুণ খেলোয়াড় গড়ে তোলার নীতি বাস্তবায়ন করা সঠিক নাকি ভুল—হয়তো অনেকেই। এমনকি নারী উইংয়ের প্রধানও আমার কাজের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি পছন্দ করেন না, যা আমাদের ভিন্ন এক আলোচনায় নিয়ে যায়।’

এশিয়ান গেমসে পরের ম্যাচে ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাটলার বলেন, ‘দক্ষিণ কোরিয়ার ম্যাচটিও হয়তো আজ আপনারা যা দেখেছেন তেমনই হতে যাচ্ছে। তবে আমাদের ফিরে যেতে হবে। দলে কিছু পরিবর্তন আনাতে হবে, পুনর্গঠন করতে হবে এবং দেখতে হবে এখান থেকে আমরা কীভাবে সামনে এগোতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত