Ajker Patrika

বিশ্বকাপ শেষেই বিদায় নেবেন পর্তুগালের কোচ

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপ শেষেই বিদায় নেবেন পর্তুগালের কোচ
বিশ্বকাপ শেষেই পর্তুগাল ছাড়বেন মার্তিনেস। ছবি: এক্স

বিশ্বকাপ শেষেই পর্তুগালের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রবার্তো মার্তিনেস। চলতি বছরের জুলাইয়ের শেষে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। স্প্যানিশ এই কোচ নিজেই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘টকস্পোর্ট’।

বিশ্বকাপে পর্তুগালের পারফরম্যান্স যেমনই হোক না কেন, টুর্নামেন্ট শেষেই মার্তিনেসের বিদায় নেওয়া নিশ্চিত। মার্তিনেসের এই সিদ্ধান্তের কথা পর্তুগিজ ফুটবল ফেডারেশনও অবগত, যাতে তারা আগেভাগেই নতুন কোচের খোঁজ শুরু করতে পারে। টকস্পোর্টের ক্রীড়া সাংবাদিক অ্যালেক্স ক্রুক জানিয়েছেন, মূলত ক্লাব ফুটবলে ফেরার ইচ্ছা থেকেই মার্তিনেস চুক্তি নবায়ন করছেন না।

তিনি বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তটি মার্তিনেসের নিজের। তিনি প্রিমিয়ার লিগ কিংবা ইউরোপের শীর্ষ কোনো ক্লাবের দায়িত্ব নিতে চান, অথবা ইউরোপের অন্য কোনো বড় দেশের ডাগআউটে দাঁড়াতে পারেন।’

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল কাল বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে। আর এই টুর্নামেন্টটি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও জয়ের শেষ সুযোগ।

৫২ বছর বয়সী মার্তিনেসের অধীনে পর্তুগাল দুর্দান্ত সময় কাটিয়েছে। দলটির ইতিহাসে যেকোনো কোচের চেয়ে তাঁর জয়ের হার সবচেয়ে বেশি—৭০ শতাংশ। এছাড়া তাঁর অধীনেই সবচেয়ে দ্রুত ১০০ গোল করার রেকর্ড গড়েছে সেলেসাওরা।

২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিলেও, মার্তিনেসের অধীনেই ২০২৫ সালের ফাইনালে স্পেনকে হারিয়ে নিজেদের দ্বিতীয় নেশনস লিগ শিরোপা জেতে পর্তুগাল।

এর আগে বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’ নিয়ে ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া এবং ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার মিশ্র অভিজ্ঞতা আছে মার্তিনেসের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত