
হাইতির বিপক্ষে গতকাল ফিলাডেলফিয়ায় একেকটা গোলের পর নেচে উদযাপন করেছেন ব্রাজিলের ফুটবলাররা। মরক্কোর সঙ্গে ড্র করে যে সমালোচনার মুখে পড়েছিল, তাতে করে হাইতিকে হারিয়ে ব্রাজিলের বাঁধভাঙা উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। কিন্তু ৩-০ গোলে জয়ের পরও দুশ্চিন্তা যে কিছুতেই সেলেসাওদের পিছু ছাড়ছে না। এবার এক তারকা খেলোয়াড়কে পরের ম্যাচে পাচ্ছে না ব্রাজিল।
ব্রাজিলের দুশ্চিন্তা নেইমারকে নিয়ে নয়। হাইতি ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষেই খেলছেন নেইমার। কিন্তু দলের আরেক তারকা রাফিনিয়াকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গতকাল ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ৪০ মিনিটে মাঠ ছাড়ার সময় তাঁর চোখের পানি, কোচ আনচেলত্তির উদ্বেগ—সবকিছু মিলিয়ে রাফিনিয়াকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ব্রাজিল। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, এবার তাঁকে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া যাচ্ছে না।
সবশেষ তিন মাসে দুইবার ডান পায়ের চোটে পড়েছেন রাফিনিয়া। ফ্রান্সের বিপক্ষে মার্চে প্রীতি ম্যাচের পর গতকাল হাইতি ম্যাচে ডান ঊরুতে ব্যথা পেয়েছেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে সিবিএফের বরাতে ‘ও গ্লোবো’র প্রতিবেদনে জানা গেছে, ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁর খেলা হচ্ছে না। ২৫ জুন মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড।
রাফিনিয়ার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হলেও আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই জানায়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন। খুব শিগগিরই তাঁকে মাঠে দেখা যাবে বলে আশা সিবিএফের। ব্রাজিলের জাতীয় দলের চিকিৎসকেরা রাফিনিয়ার দেখাশোনা করছেন। তারকা এই ফরোয়ার্ডকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
রাফিনিয়াকে নিয়ে ব্রাজিল জাতীয় দলের কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তা করতে না করেছেন। এক বিবৃতিতে কাইতানো বলেন, ‘কোনো ফুটবলারকে সম্ভাব্য চোটের কারণে বদলি করতে হলে পরীক্ষার ফল না আসা পর্যন্ত স্বাভাবিকভাবেই আমরা উদ্বিগ্ন ও চিন্তিত। আশা করি বিষয়টি গুরুতর নয়। এটা একটি সাধারণ সমস্যা এবং সে দ্রুতই ফিরবে। রাফিনিয়ার শারীরিক সক্ষমতা অসাধারণ। যখন আমরা পরীক্ষার ফল দেখব, তখন ভক্ত-সমর্থকদেরও আশ্বস্ত করতে পারব।’
হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ব্রাজিল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। মরক্কোর পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। ১৪ জুন নিউজার্সিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তিন পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। আর দুই ম্যাচের দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হাইতি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ নামবে ধবলধোলাই এড়াতে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি সরাসরি সম্প্রচার
১৪ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলার টুর্নামেন্ট। লিওনেল মেসি, হ্যারি কেইনের মতো তারকারা ভেঙেচূড়ে দিচ্ছেন একের পর এক রেকর্ড। তারকা ফুটবলাররা তো বটেই, এমনকি দলগুলোও নাম লেখাচ্ছে রেকর্ড বইয়ে। গত রাতে উড়ন্ত জয়ে ব্রাজিলকে পেছনে ফেলেছে নেদারল্যান্ডসরা।
১ ঘণ্টা আগে
অবিশ্বাস্য, অকল্পনীয় শব্দগুলোও যেন কুরাসাও গোলরক্ষক এলয় রুমকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয়। কানসাস সিটিতে আজ ইকুয়েডরের সামনে রুম বনে গেলেন ‘চীনের মহাপ্রাচীর’। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ কী অবলীলায় ঠেকিয়ে দিয়েছেন কুরাসাও গোলরক্ষক। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও রুখে দিল ইকুয়েডরকে।
২ ঘণ্টা আগে
প্রথমার্ধের জোড়া গোল বাতিলের ধাক্কা, এরপর গোল হজম করে পিছিয়ে পড়া—সব মিলিয়ে আইভরি কোস্টের বিপক্ষে চরম ব্যাকফুটে ছিল জার্মানি। তবে শেষ মুহূর্তের নাটকীয়তা আইভরি কোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে তারা। বদলি নামা ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২–১ ব্যবধানের জয়ে ইউলিয়ান নাগেলসমানের দল নিশ্চিত করেছে নকআউট পর্বে
৬ ঘণ্টা আগে