Ajker Patrika

চ্যালেঞ্জ লিগে ফর্টিসের সঙ্গী ভারতের গোয়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
চ্যালেঞ্জ লিগে ফর্টিসের সঙ্গী ভারতের গোয়া
চ্যালেঞ্জ লিগে ফর্টিসের গ্রুপে ভারত, কুয়েত ও তাজিকিস্তানের তিন দল পড়েছে। ছবি: বাফুফে

আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকার চ্যালেঞ্জটা এবার আরও কঠিন ফর্টিস এফসির সামনে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্ব পেরিয়ে গ্রুপ পর্বে উঠেছে তারা। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে ‘সি’ গ্রুপে পড়েছে ফর্টিস। সেখানে তাদের সঙ্গী ভারতের এফসি গোয়া, কুয়েতের কাদসিয়া এসসি ও তাজিকিস্তানের রেগার-তাদাজ। এই গ্রুপের আয়োজক কুয়েতের কাদসিয়া।

গ্রুপে চার দলের মধ্যে ফর্টিসই তুলনামূলকভাবে কম অভিজ্ঞ। বিপরীতে তিন প্রতিপক্ষই নিজেদের দেশের পরিচিত ও প্রতিষ্ঠিত ক্লাব। বিশেষ করে এফসি গোয়া ভারতীয় ফুটবলে পরিচিত নাম। কাদসিয়ার রয়েছে দীর্ঘ ঐতিহ্য, আর তাজিকিস্তানের রেগার-তাদাজও দেশটির শীর্ষ পর্যায়ের ক্লাব।

তবে গ্রুপ পর্বে ওঠার পথে ফর্টিসও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। প্রিলিমিনারি পর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পরের ধাপে জায়গা করে নেয় তারা। বাংলাদেশের আরেক প্রতিনিধি পুলিশ এফসি অবশ্য সেই পথ পাড়ি দিতে পারেনি। সিরিয়ার আল ইত্তিহাদ আহলির কাছে হেরে প্রাথমিক পর্বেই বিদায় নিয়েছে পুলিশ।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ফুটবলের আরেক পরিচিত মুখকে অবশ্য দেখা যাবে অন্য দেশের ক্লাবে। জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজী খেলছেন ভুটানের পারো এফসির হয়ে। প্রাথমিক পর্ব পেরিয়ে তাঁর দলও জায়গা করে নিয়েছে গ্রুপ পর্বে।

ড্রয়ে ‘এ’ গ্রুপে পড়েছে পারো। ভুটানের ক্লাবটির সঙ্গে এই গ্রুপে আছে তুর্কমিনিস্তানের আহাল এফসি, লেবাননের আল আনসার এফসি ও সিরিয়ার আল ইত্তিহাদ আহলি। গ্রুপের ম্যাচগুলো আয়োজন করবে পারোই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত