Ajker Patrika

আর্জেন্টিনার দুশ্চিন্তা কমালেন পারেদেস

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনার দুশ্চিন্তা কমালেন পারেদেস
সতীর্থ রোমেরোর সঙ্গে পারেদেস। ছবি: সংগৃহীত

বেশ কয়েকজন খেলোয়াড়ের চোটের কারণে বিশ্বকাপের আগে বেশ দুশ্চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এবার তাঁর দুশ্চিন্তা কমালেন কমালেন লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডারের বিশ্বকাপ খেলা নিয়ে কোনো শঙ্কা নেই এখন—এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

সম্প্রতি ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে কোপা লিবার্তাদোরেসের ম্যাচে চোটে পড়েন পারেদেস। ওই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বোকা জুনিয়র্স। ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি তারকা ফুটবলার। তবে পরীক্ষার পর জানা গেছে, এটি পেশি ছিঁড়ে যাওয়ার চোট নয়।

চিলির ক্লাবটির বিপক্ষে ম্যাচ শেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে পারেদেস বলেন, ‘পুরো সপ্তাহজুড়েই আমি হ্যামস্ট্রিংয়ের সমস্যার সঙ্গে লড়ছিলাম। কিন্তু এই ম্যাচ আমি কোনোভাবেই মিস করতে চাইনি, বেঞ্চেও বসে থাকতে চাইনি। কোচ আমাকে সৎ থাকতে বলেছিলেন, মাঠে নামতে বলেছিলেন এবং নিজের যত্ন নিতে বলেছিলেন, কারণ সামনে আমার আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। এমন একটি ম্যাচ ছিল, যা না খেলে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না।’

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম অনুশীলন ক্যাম্প সোমবার কানসাসে শুরু হবে। এরই মধ্যে বিকেলে সেখানে পৌঁছেছে দলটি। পারেদেস শতভাগ ফিট না হলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাঁর অংশগ্রহণ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। শনিবার টেক্সাসের কলেজ স্টেশনে হন্ডুরাসের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ৯ জুন আলাবামার অবার্নে তাদের প্রতিপক্ষ হবে আইসল্যান্ড। এই দুই ম্যাচের অন্তত একটিতে পারেদেসকে খেলতে দেখা যেতে পারে।

তবে বিশ্বকাপের মূল আসরে শুরুর একাদশে পারেদেসের জায়গা নিশ্চিত নয়। মাঝমাঠে তাঁকে সুযোগ দিতে হলে রদ্রিগো দি পলকে বাইরে রাখতে হবে, যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। দি পলের সঙ্গে এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের মাঝমাঠে খেলার সম্ভাবনাই বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত