Ajker Patrika

‘এখানে আইসিসি জড়িত, আলোচনা করে বিসিবির সমস্যার সমাধান করব’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ০২
‘এখানে আইসিসি জড়িত, আলোচনা করে বিসিবির সমস্যার সমাধান করব’
আইসিসির সঙ্গে বিসিবি অনেক দেন-দরবার করেও কোনো লাভ হয়নি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশকে ছাড়াই। ছবি: এএফপি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। তামিম ইকবাল, আমিনুল হকও বারবার বর্তমান ক্রিকেট বোর্ডকে অবৈধ বলেছেন। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমিনুল হকের সুর বদলে গেল। বিসিবির ব্যাপারে ধীরেসুস্থে এগোতে চান তিনি।

গত বছরের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সামনে চলে আসছে একের পর এক ইস্যু। ক্রমাগত বোর্ডের বাইরের কিংবা অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে তাঁকে। একটা এক্সটার্নাল ফোর্স অহেতুক ডিস্টার্ব করেছে বলে আজকের পত্রিকাকে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন বুলবুল। আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে আমিনুল নিজ কার্যালয়ে যে দীর্ঘ সংবাদ সম্মেলন করেছেন, সেখানে এসেছে বিসিবির গত বছরের নির্বাচনের প্রসঙ্গ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেখুন, বিষয়টি এখানে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত। আইনের ভেতরে থেকে, নিয়মের ভেতরে থেকে আলোচনার ভিত্তিতে যা করণীয় আছে, সেটি আমি বসে আলোচনার মাধ্যমে পরে এটি নিয়ে মন্তব্য করব।’

উগ্র হিন্দুত্ববাদী ও ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে গত ৩ জানুয়ারি বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। ঠিক তার পরদিন (৪ জানুয়ারি) নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তরের দাবি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সঙ্গে অনেক দেন-দরবার করেও ভারত থেকে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা সম্ভব হয়নি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সবুজসংকেত সরকারের কাছ থেকে পায়নি।

বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল হক। শপথ গ্রহণের পর নিজ কার্যালয়ে যে দীর্ঘ সংবাদ সম্মেলন করেছেন, সেখানে কথা বলেছেন এই আলোচিত ইস্যু (বাংলাদেশের বিশ্বকাপে না খেলা) নিয়েও। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ক্রিকেটের একটি ইস্যু রয়েছে। আপনারা জানেন যে, সাম্প্রতিক পর্যায়ে আমরা বিশ্বকাপ যে খেলতে... কূটনৈতিকভাবে একে অপরের সঙ্গে যদি আলোচনা করে আমরা এটার সমাধান করতে পারতাম, হয়তোবা আমাদের দল বিশ্বকাপ খেলত। আমি চাই যে, এটার দ্রুত অবসান হবে। আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে, তাদের সঙ্গে এরই মধ্যে কথা বলেছি।’

ক্রিকেট, ফুটবল সব খেলার ব্যাপারেই কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে যেন ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন থাকে, সেটাই চাওয়া আমিনুলের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সকল খেলাধুলার ক্ষেত্রে কূটনৈতিক একটি আদান-প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারি এবং আমরা যাতে প্রতিটি দেশের সঙ্গে একটি আন্তরিকভাবে আমাদের স্পোর্টসের যেই বিষয়গুলো রয়েছে, সেগুলো আলোচনার ভিত্তিতে আমরা আদান-প্রদানের মাধ্যমে যাতে একটি সুন্দর ক্রীড়াঙ্গন গড়ে তুলতে পারি। আমি আশা করি যে, আপনারা আমার সঙ্গে রয়েছেন। আমি সার্বিকভাবে আপনাদের সহায়তা চাই।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খেলাধুলার ব্যাপারে একটি কর্মপরিকল্পনা করা হয়েছে বলে আজ জানিয়েছেন আমিনুল। খেলাধুলাকে যেন নিশ্চিন্তে পেশা হিসেবে বেছে নেওয়া যায়, সেটাই নিশ্চিত করতে চাচ্ছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘পারিবারিকভাবে তাদের স্বাবলম্বী করতে চাই, যাতে শুধু ক্রিকেট কিংবা ফুটবল না অন্যান্য খেলাধুলাতেও যারা খেলবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবে, তাদের যাতে পরিবার নিয়ে দুশ্চিন্তা না হয় বা তার নিজেকে নিয়ে দুশ্চিন্তা করতে না হয় যে সে ভবিষ্যতে কীভাবে চলবে, তার কর্মসংস্থানের কী ব্যবস্থা হবে—এই বিষয়গুলো আমি আল্লাহর রহমতে যাঁরা ক্রীড়াবিদ রয়েছেন, যাঁরা খেলছেন, তাঁদেরটা ইনশা আল্লাহ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব।’

অবসরের পর খেলোয়াড়েরা যেন কোনো দুশ্চিন্তায় না পড়েন, সেই ব্যবস্থা করে দিতে চান আমিনুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘পাশাপাশি খেলা ছেড়ে দেওয়ার পরও তাদের জন্য কর্মসংস্থানের রাস্তা আমরা তৈরি করতে যাচ্ছি। ইনশা আল্লাহ আমি আশা করি যে, কোনো খেলোয়াড়ের খেলা ছেড়ে দেওয়ার পর আর হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার জন্য ভালো একটি কর্মসংস্থানের অপেক্ষা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত