
বিরাট কোহলি জয়ের জন্য কতটা ক্ষুধার্ত, সেটা তাঁকে মাঠে দেখলেই বোঝা যায়। প্রত্যেক মুহূর্ত তিনি উপভোগ করেন। খুশির হোক বা দুঃখের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ভারতীয় তারকা ব্যাটার। অনেক সময় তাঁকে নিয়ে হয় সমালোচনাও। গত রাতে এমনই এক ঘটনার কারণে তোপের মুখে পড়েছেন কোহলি। ইরফান পাঠানের মতে সেটা চাইলেই এড়ানো যেত।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে কোহলি সমালোচিত হয়েছেন ট্রাভিস হেডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে। হেডকে কোহলি উত্যক্ত করছিলেন এই বলে যে তিনি (হেড) যেন বোলিংটা ভালো করে করেন। হেডও জবাব দিয়েছেন। মাঠের ঘটনা মাঠে ফেলে এসে ম্যাচ শেষে হেড হাত মেলাতে চেয়েছেন কোহলির সঙ্গে। কিন্তু ভারতীয় তারকা ব্যাটার তা না করায় হচ্ছে সমালোচনা।
হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কাজ করায় ইরফান এই ঘটনা (কোহলি-হেডের করমর্দন না করা) কাছ থেকে দেখেছেন। ম্যাচ শেষে জিও হটস্টারে ভারতের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘‘তখন আমি ধারাভাষ্য করছিলাম। দেখুন, কোহলিও অস্ট্রেলিয়ানদের মতো করেই ক্রিকেট খেলতে পছন্দ করে। একটু কথার লড়াই, একটু আগ্রাসন, একটু ‘আচ্ছা, নিজে এসে কয়েকটা বল করে দেখাও’ ধরনের কথা। সে আসলে সেটাই বলছিল, ‘তুমি তো ইমপ্যাক্ট প্লেয়ার নও।’’
হেড এবারের আইপিএলে বেশির ভাগ সময়ই ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলেছেন। কিন্তু গত রাতে বেঙ্গালুরুর বিপক্ষে তিনি একাদশেরই ক্রিকেটার ছিলেন। এই ম্যাচে হেডকে ‘ইমপ্যাক্ট ক্রিকেটার’ বলে খেপিয়েছেন। পাঠানের মতে মাঠে এমন ঘটনা স্বাভাবিক হলেও হেডের সঙ্গে ম্যাচ শেষে করমর্দন না করায় মূলত সমালোচনা হচ্ছে কোহলিকে নিয়ে। পাঠান বলেন, ‘সাধারণত সে (হেড) একজন ইমপ্যাক্ট ক্রিকেটার। তারপর মাঠের বাইরে চলে যায়। সে (কোহলি) তাকে বোলিং করতে বলেছিল। কিছু একটা হয়েছিল, আর সে তাকেও ডাকছিল। ম্যাচের পরে কী হয়েছে, সেটা দেখুন। আমি এ নিয়ে বেশি কিছু বলব না। তবে মাঠে যা হয়েছে, সেটা ঠিক আছে, এমনটা হতেই পারে। আপনি আগ্রাসী হয়ে খেলতে চাইবেন। নিজের আবেগ প্রকাশ করতে চাইবেন, আর এর সঙ্গে একটু কথার লড়াই ও একটু আগ্রাসন থাকবেই।’
কোহলি-হেড অবশ্য গত রাতে বলার মতো কিছু করতে পারেননি। হেড ১৬ বলে ২৮ রান করেছেন। টস জিতে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে করেছে হায়দরাবাদ করেছে ২৫৫ রান। জবাবে বেঙ্গালুরু পুরো ২০ ওভার খেলেও ৪ উইকেটে ২০০ রানে আটকে গেছে। কোহলি করেন ১১ বলে ১৫ রান। হায়দরাবাদের ৫৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ইশান কিষাণ। ৪৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় করেন ৭৯ রান।
৫৫ রানে হারলেও বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের দুইয়েই থাকছে। মঙ্গলবার ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলবে বেঙ্গালুরু। গুজরাট, বেঙ্গালুরু, হায়দরাবাদ—তিন দলেরই পয়েন্ট ১৮। কিন্তু নেট রানরেটের কারণে শীর্ষে গুজরাট। দুই ও তিনে অবস্থান করছে বেঙ্গালুরু ও হায়দরাবাদ।
এবারের আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ৫৫৭ রান করে আট নম্বরে কোহলি। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছেন তিনি। সবার ওপরে থাকা গুজরাটের সাই সুদর্শন করেছেন ৬৩৮ রান। দুইয়ে তাঁর দলের অধিনায়ক গিল করেছেন ৬১৬ রান। ৬০৬ রান করে তিনে হায়দরাবাদের হাইনরিখ ক্লাসেন।

হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে হেরে আগেই দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। সিরিজ জিততে বাবর আজমের দলকে জিততে হতো শেষ দুই টেস্ট। তবে এবারও দেখা গেল পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে জিতে ইংল্যান্ড এক ম্যাচ আগেই নিশ্চিত করল সিরিজ।
৬ ঘণ্টা আগে
সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি হতো শ্রীলঙ্কাতেই। দ্বীপ দেশটিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল এই বৈশ্বিক ইভেন্ট। কিন্তু সেটা আর হতে যাচ্ছে না। শ্রীলঙ্কা থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৭ ঘণ্টা আগে
নতুন ভবন নির্মাণের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দ্রুতই পুরোনো ভবনটি ভেঙে সেখানে একটি বড় হাইরেজ ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে। সেই ভবনে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় সব ফ্যাসিলিটি রাখা হবে। এর মাধ্যমে আধুনিক ও উন্নত পরিবেশে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুয
৮ ঘণ্টা আগে
কানে ব্লুটুথ হেডফোন, হাতে লাগেজ, হাতে ঘড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মেট্রোতে এমন ভঙ্গিতে হরহামেশাই চলাচল করেন অনেকে। কিন্তু তিনি যে আর চার-পাঁচ জনের চেয়ে আলাদা। তিনি আর কেউ নন। সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। যাঁর বর্তমান পরিচয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ম্যাচ
৮ ঘণ্টা আগে