Ajker Patrika

সাংবাদিকদের সঙ্গে বাবরের কথা বলা বারণ

ক্রীড়া ডেস্ক    
সাংবাদিকদের সঙ্গে বাবরের কথা বলা বারণ
তিন বছর পর টেস্টে নেতৃত্ব ফিরে পেয়েছেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ সমতায় সিরিজ ড্রয়ের পর হয়েছেন সিরিজসেরা। ছবি: ক্রিকইনফো

তিন বছর পর টেস্টে অধিনায়কত্ব ফিরে পেয়ে শুরুটা খারাপ হয়নি বাবর আজমের। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাবর পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। তবে ৩১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটারকে এখন সাংবাদিকদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রশিদ লতিফ।

তারুবায় ব্যাটারদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান ৯০ রানে হেরে যাওয়ায় অধিনায়ক বাবরের প্রত্যাবর্তন সুখকর হয়নি। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি পাকিস্তানের। পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জিতে বিদেশের মাঠে তিন বছর পর টেস্টে পাকিস্তান জেতে বাবরের নেতৃত্বেই। ১-১ সমতায় ড্র হওয়া ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজে সর্বোচ্চ ১৯৩ রান করে বাবর পেয়েছেন সিরিজসেরার পুরস্কার।

বাবরের নেতৃত্বে পাকিস্তান যাবে আরও এক বিদেশ সফরে। ইংল্যান্ড সফরে এশিয়ার এই দল খেলবে তিন টেস্ট। ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে বাবরকে ইংল্যান্ডের সংবাদমাধ্যম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন রশিদ। জিও নিউজের ‘স্কোর’ অনুষ্ঠানে সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘বাবর আজম অভিজ্ঞ ক্রিকেটার। ইংল্যান্ডের সংবাদমাধ্যম থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত তাকে দূরে রাখা।’

শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান ১৬ টেস্ট খেলে জেতে ৪ ম্যাচ। হেরেছে ১২ টেস্ট। যার মধ্যে বাংলাদেশের বিপক্ষেই হেরেছে চার টেস্ট। সবশেষ বাংলাদেশ সফরে এসে পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর তাঁর নেতৃত্ব হারানোর গুঞ্জন ওঠে। তাঁর কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে বাবরের কাঁধেই ফের তুলে দেওয়া হয় পাকিস্তান টেস্ট দলের গুরুদায়িত্ব।

অধিনায়কত্ব হারালেও মাসুদ তো টেস্ট দল থেকে জায়গা হারাননি। রশিদ লতিফের মতে ইংল্যান্ড সফরে বাবরের পরিবর্তে যেন মাসুদকে সংবাদ সম্মেলনে পাঠানো হয়। সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার বলেন,‘ইংল্যান্ড সফর কঠিন এক চ্যালেঞ্জ। ইংলিশ সংবাদমাধ্যম প্রায়ই সফরকারী দলগুলোকে অপ্রয়োজনীয়ভাবে বিভিন্ন খবরের সঙ্গে জড়ানোর চেষ্টা করে। বাবরের পরিবর্তে সাবেক অধিনায়ক শান মাসুদকে নিয়মিত সংবাদ সম্মেলনে পাঠানো উচিত।’

টেলিকম এশিয়া স্পোর্টের এক প্রতিবেদনে জানা গেছে, পিসিবি বাবরকে সব সংস্করণের অধিনায়কত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। টেস্টের অধিনায়কত্ব ফিরে পাওয়া বাবরকে এখন ওয়ানডের নেতৃত্বভার দেওয়ার পরিকল্পনা করছে। শাহিনের নেতৃত্বে পাকিস্তান এ বছর বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে। পরবর্তী পাকিস্তান ঘরের মাঠে সিরিজ জেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অধিনায়কত্বও তার হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বদল নিয়ে যখন আলোচনা চলছে, তখন তারকা বাঁহাতি পেসার বলেন, ‘এখন পর্যন্ত আমি পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করে উন্নতিও হয়েছে পাকিস্তানের। ২২.২২ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন আটে পাকিস্তান। ৯ দলের মধ্যে ৯ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সফলতার হার ২০.৮৩ শতাংশ। ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত