Ajker Patrika

বাংলাদেশ সিরিজ থেকে সরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ সিরিজ থেকে সরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার
প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন স্প্রিঙ্গার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তাঁর পরিবর্তে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন শামার স্প্রিঙ্গার।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) এক বিবৃতিতে ভারত থেকে পলের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কিমো পল ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরবেন।’

পলের বিকল্প খুঁজতে ওজে শিল্ডস ও নিয়াল স্মিথের নামও বিবেচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে চোটের কারণে তাঁদের কাউকেই পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত স্প্রিঙ্গারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্প্রিঙ্গার ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ১ হাজার ৪৩ রান করার পাশাপাশি নিয়েছেন ৫৮ উইকেট।

২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন স্প্রিঙ্গার। চার ম্যাচে ৫০.২০ গড়ে করেছেন ২৫১ রান। তবে বল হাতে আট ইনিংসে ৪২ গড়ে নিয়েছেন সাত উইকেট।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকছেন না সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফও। হোপকে বিশ্রাম দিয়েছে দল। অন্যদিকে কাজের চাপ সামলাতে জোসেফকে সরিয়ে নেওয়া হয়েছে। শুরুতে জোসেফের পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন পল।

বাংলাদেশ সফরের আগে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলেছেন স্প্রিঙ্গার ও পল দুজনই। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে পঞ্চম টি টোয়েন্টি পরিত্যক্ত হলে শেষ হয় সফর।

আগামী ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে হবে প্রথম টেস্ট। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত