Ajker Patrika

শুধু অংশগ্রহণই নয়, চমকে দিতে চায় ইতালি

ক্রীড়া ডেস্ক    
শুধু অংশগ্রহণই নয়, চমকে দিতে চায় ইতালি
ফুটবলে চারবার বিশ্বকাপ জিতলেও ক্রিকেটের বিশ্বমঞ্চে আজ অভিষেক হচ্ছে ইতালির । গতকাল কলকাতায় সতীর্থের সঙ্গে অনুশীলনে হ্যারি মানেনতি। ছবি: এএফপি

ইতালির নাম শুনলেই চোখে ভেসে ওঠে নীল জার্সি গায়ে ফুটবল মাঠে দৌড়ানো অকুতোভয় কিছু যোদ্ধার ছবি। চারবারের ফুটবল বিশ্বকাপজয়ী দেশটির পরিচয় যুগ যুগ ধরে অনেকটা ফুটবলেই সীমাবদ্ধ। তবে আজ এক নতুন ইতিহাসের সাক্ষী হতে হচ্ছে। প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্বমঞ্চে পা রাখছে ইতালি। কলকাতার ইডেন গার্ডেনসে আজ প্রথম ম্যাচে বেলা সাড়ে ১১টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।

ইতালীয় ক্রিকেট ফেডারেশনের কর্মকর্তা রিকার্ডো মাজ্জিও এই অর্জনকে দেখছেন এক স্বপ্নপূরণ হিসেবে। তিনি বলেন, ‘আমরা কীভাবে বিশ্বকাপে পৌঁছালাম? ইতালিতে আমরা একে বলি ইতালীয় মিরাকল।’ ফুটবল-পাগল এক দেশে ক্রিকেটের উত্থান সত্যিই অবিশ্বাস্য। তবে তারা শুধু অংশ নিতেই ভারতে আসেনি। মাজ্জিও দৃঢ়কণ্ঠে বলেন, ‘আমরা বিশ্বকাপে এসেছি এবং বিশ্বাস করুন, শুধু একবার হাজিরা দিতে আসিনি।’ তাঁর মতে, ‘আবেগ এবং ইতালীয় ধাঁচে কাজ করার ধরনই আমাদের এই অলৌকিক সাফল্যের মূল কারণ।’

ইতালি দলের অধিনায়ক ৪২ বছর বয়সী ওয়েন ম্যাডসেন। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার আগে নিজ দেশের হয়ে ফিল্ড হকি বিশ্বকাপ খেলেছেন। ক্রিকেটে ইতালির জার্সি গায়ে নামলে তৈরি হবে এক বিরল রেকর্ড। ম্যাডসেন বলেন, ‘ইতালির অধিনায়কত্ব করাকে আমি কোনোভাবেই হালকাভাবে নিই না।’

ভারতের ক্রিকেট উন্মাদনা দেখে অভিভূত ম্যাডসেন আরও যোগ করেন, ‘ভারত একটি ক্রিকেট-পাগল দেশ এবং খেলোয়াড় হিসেবে এখানে খেলতে আসা আমাদের জন্য অনেক বড় সম্মানের।’ তাই দলের প্রতি তাঁর বার্তা খুব সহজ, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো খেলাটা উপভোগ করা।’

বাছাইপর্ব থেকে উঠে আসা ইতালি দলের ড্রেসিংরুম যেন এক খুদে বিশ্ব। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের এই মেলায় সংহতির ভাষা হিসেবে কাজ করছে ‘ইতালীয়’। কোচ জন ডেভিসন জানান, খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে ইতালীয় ভাষায় কথা বলার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘ড্রেসিংরুমে ইতালীয় ভাষা শুনতে পাওয়াটা সত্যিই দারুণ। আমরা ইতালীয় দল... আপনি এই ছেলেদের ইতালীয় শিকড় এবং দেশের সঙ্গে তাদের সংযোগ দেখতে পাবেন।’

গ্রুপ ‘সি’-তে ইতালির প্রতিপক্ষ হিসেবে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও স্কটল্যান্ড। র‍্যাঙ্কিংয়ে সবার নিচে থাকলেও ইতালি বড় দলগুলোকে চমকে দিতে চায়। দলের শক্তির জায়গা নিয়ে ম্যাডসেন বলেন, ‘একটা কাজ আমরা খুব ভালো করি, তা হলো আমরা একটি ইউনিট বা দল হিসেবে খেলি।’

দীর্ঘদিন ইতালীয় ক্রিকেটের প্রসারে কাজ করা মাজ্জিও ১৯৯৮ সালে ইংল্যান্ড বোর্ড একাদশকে হারানোর স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলব। হয়তো কেঁদে ফেলব।’

১৮০৭ সালে ইতালির জেনোয়ায় জন্ম নেওয়া ইমানুয়েল দানেরো ১৪ বছর বয়সে সিদ্ধান্ত নেন হল্যান্ড (নেদারল্যান্ডস) যাওয়ার। কিন্তু ভুল করে একটি জাহাজে চড়ে বসেন, যা তাকে নিয়ে যায় ‘নিউ হল্যান্ড’-এ। সেই সময়ে এই নামেই অস্ট্রেলিয়া পরিচিত ছিল!

অস্ট্রেলিয়ায় আসার পর ১৮৩৪ সালে তিনি মেরি কোমার নামে এক নারীকে বিয়ে করেন এবং তাঁদের ১৪টি সন্তান হয়। ৪৪ বছর বয়সে মেরি মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং সেখানে তাঁর আরও ১০টি সন্তান হয়। তবে প্রথম বিয়ের সময় অন্য এক নারীর সঙ্গে তাঁর একটি সন্তান হয়েছিল। সেই সন্তানের ষষ্ঠ সন্তানই পরবর্তীকালে জন্ম দেন এমন এক ব্যক্তিকে, যাঁকে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান হিসেবে চেনে সবাই। ইতালিও চাইবে ব্র্যাডম্যানের মতো তাদের ক্রিকেটের ভান্ডার সমৃদ্ধ রাখতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা-১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

বাংলাদেশেই বিশ্বের প্রথম নির্বাচন, যেখানে ফলাফল নির্ধারণ করবে জেন-জি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এবার নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত