Ajker Patrika

পাকিস্তানকে কাঁপিয়ে লম্বা লাফ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের, এগোলেন শান্ত-তামিমও

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানকে কাঁপিয়ে লম্বা লাফ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের,  এগোলেন শান্ত-তামিমও
পাকিস্তানকে কাঁপিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নাথান এলিস (বাঁয়ে)। ছবি: ক্রিকইনফো

ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা অস্ট্রেলিয়ার ভালোই জানা। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়া সমতায় ফিরেছে নাথান এলিসের দুর্দান্ত বোলিংয়ে। নিখুঁত লাইন-লেংথে পাকিস্তানি ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমেরও।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। ৯ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাথান এলিস। এক ওভার মেডেনও দিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। মাজ সাদাকাত (০), বাবর আজম (১৬), আরাফাত মিনহাস (৩৩), হারিস রউফ (০)—এই চার ব্যাটারকে আউট করেন এলিস। আজ তিনি সুখবর পেয়েছেন আইসিসির কাছ থেকে। পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হালনাগাদ করলে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন এলিস। অজি এই পেসারের রেটিং পয়েন্ট ৪৮৩।

বাংলাদেশ সবশেষ মে মাসে মাঠে নামলেও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ছিল টেস্টে। ওয়ানডেতে শেষবারের মতো মাঠে নেমেছে গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই মাস ওয়ানডে না খেললেও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন তানজিদ তামিম। তাঁর রেটিং পয়েন্ট ৫২৫। ৩১ নম্বরে থাকা শান্তর রেটিং পয়েন্ট ৫৫৭। তিনি এগিয়েছেন এক ধাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১৫৫ রান করেছিলেন শান্ত। একটি সেঞ্চুরিও ছিল এই সিরিজে।

৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। দুই ও তিনে অবস্থান করা জফরা আর্চার ও কেশব মহারাজের রেটিং পয়েন্ট ৬৪৯ ও ৬৪৫। আর্চার-মহারাজও নিজের অবস্থান ধরে রেখেছেন। সাত ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন আবরার আহমেদ। তাঁর রেটিং পয়েন্ট ৬৪৩। অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলে ৩.৯০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ড্যারিল মিচেল। দুই ও তিনে থাকা বিরাট কোহলি ও ইবরাহিম জাদরানের রেটিং পয়েন্ট ৭৯১ ও ৭৫৬। ৯ নম্বর স্থান পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে লোকেশ রাহুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত