
সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, সেটাই এখন দেখাচ্ছেন নুরুল হাসান সোহান। টানা দুই দিন দুই টি-টোয়েন্টিতে খাদের কিনারা থেকে দলকে বাঁচিয়েছেন। শেষের দিকে নেমে তাঁর দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ কোচ ফিল সিমন্স।
শারজায় পরশু রাতে প্রথম টি-টোয়েন্টিতে সপ্তম উইকেটে রিশাদ হোসেনের সঙ্গে ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছিলেন সোহান। সেই ম্যাচে সোহান ১৩ বলে ২৩ রান করেছিলেন। একই ভেন্যুতে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। মেরেছেন ১ চার ও ৩ ছক্কা। তবে এই ম্যাচে সোহানকে পাড়ি দিতে হয়েছে আরও দুর্গম পথ। ১৮তম ওভারের পঞ্চম বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে রিশাদ হোসেন বোল্ড হয়ে গেলে বাংলাদেশের ম্যাচ জয়ের আশা একরকম শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে নবম উইকেটে ৮ বলে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান ও শরীফুল ইসলাম।
৬ নম্বরে নামা সোহানের দায়িত্বশীল ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে। রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নুর আহমদ জাদরানদের মতো বোলারদের বিপক্ষে চাপের মুহূর্তে ভেঙে না পড়ে সোহান যা খেলেছেন, তাতে প্রশংসা ঝরেছে প্রধান কোচ ফিল সিমন্সের কণ্ঠে। আফগানদের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আজ (গতকাল) সোহান দারুণ খেলেছে। এমন সময় জাকের-শামীম ফিরে গেল। সে এমন অবস্থা থেকে খেলাটা শেষ করে এল। ব্যাটারদের থেকে এমন কিছুই চাই আমি। যখনই সুযোগ আসবে, যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।’
শারজায় পরশু প্রথম টি-টোয়েন্টিতে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (৫৪), তানজিদ হাসান তামিম (৫১) ফিফটি করেছিলেন। কিন্তু গতকাল ৪.৪ ওভারে ৩ উইকেটে ২৪ রানে পরিণত হয় বাংলাদেশ। ইমন, তামিম দুই ওপেনারই করেছেন ২ রান। সাইফ হাসান আউট হয়েছেন ১৮ রান করে। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে হাল ধরেছেন মিডল অর্ডার ব্যাটাররা। সোহানের ৩১ রানের ইনিংসের পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারী (৩৩), জাকের আলী অনিকের (৩২) ইনিংস দুটিও দলের জয়ে দারুণ অবদান রেখেছে। শেষের দিকে শরীফুলের ৬ বলে ২ চারে ১১ রানের ক্যামিও ইনিংসে বাংলাদেশ তো ২ উইকেটেই জিতে গেল।
এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন সিমন্স। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘গতকালের (পরশু) চেয়ে আজ (গতকাল) অনেক ভালো খেলা হয়েছে। আজ উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ম্যাচটা তাই অনেক ভালো হয়েছে। ওপেনাররা গতকাল দেখিয়েছে কী করতে পারে। আজ লোয়ার মিডল অর্ডার দারুণ খেলেছে। রোমাঞ্চকর, আক্রমণাত্মক ক্রিকেট আমরা খেলতে চাই। আমাদের উদ্দেশ্য এমন কিছুই।’
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন শরীফুল। শেষের দিকে ক্যামিও ইনিংস খেলা শরীফুল বোলিংটাও দারুণ করেছেন। ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ১ উইকেট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এগিয়ে ২-০ ব্যবধানে। শারজায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।
আরও পড়ুন:

মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন থামারই নাম নিচ্ছে না। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। কদিন আগে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরতে দেরি হয়েছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের ক্রিকেটারদের।
৭ ঘণ্টা আগে
দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে শনিবার হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এরই মধ্যে ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছে। অনেকে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। সাকিব আল হাসান, হামজা চৌধুরীরা দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে ফিরে এসেছে উন্মাদনা। হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমদের ম্যাচ দেখতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের ভিড় লেগে যায়। গোল করলে দর্শকদের চিৎকারে কেঁপে ওঠে গ্যালারি। জামাল ভূঁইয়ার মতে সতীর্থদের মধ্যে দারুণ বোঝাপড়াই দেশের ফুটবল এগিয়ে যেতে সহায়তা করছে।
৮ ঘণ্টা আগে
এ মাসের শেষে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই দুই ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এই দলে আছেন একঝাঁক তারকা ফুটবলার।
৯ ঘণ্টা আগে