
ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটাতে সিদ্ধহস্ত এনামুল হক বিজয়। কিন্তু যখনই আসে আন্তর্জাতিক ক্রিকেটের প্রসঙ্গ, তখন ব্যর্থতার পাল্লাই ভারী বিজয়ের। ফিফটি, সেঞ্চুরি তো দূরে থাক। ৪০ রান করতেও তাঁর রীতিমতো ঘাম ছুটে যায়।
বাংলাদেশের জার্সিতে ২০১২ থেকে শুরু করে এখন পর্যন্ত ৭৭ ম্যাচ খেলছেন বিজয়। যার মধ্যে তাঁর টেস্ট ম্যাচের সংখ্যা কেবল ৮। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিনি কতটা অনিয়মিত, সেটা এই সংখ্যাটাই বলে দিচ্ছে। এবারের শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টেস্টে সুযোগ পেলেন তিন বছর পর। দীর্ঘদিন পর পাওয়া সুযোগ, কোথায় দুই হাত ভরে লুফে নেবেন। সেটা তো তিনি পারলেনই না। ২ টেস্টে ৪ ইনিংস খেলে করলেন কেবল ২৩ রান। যার মধ্যে দুটিতেই মেরেছেন ডাক।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৪ ইনিংসে ৫.৭৫ গড়ে ২৩ রানের চেয়েও বিজয়ের আউট হওয়ার ধরন দৃষ্টিকটু। প্রথম টেস্টে দুই ইনিংস মিলে ৩০ বল খেলে ৪ রান করে আউট হয়েছেন। দুই বারই তিনি আউট হয়েছেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরেই আত্মহত্যা করেছেন বিজয়। এছাড়াও তিনি ব্যাটিংয়ে নামলে প্রত্যেক বলেই যেন মনে হয়, এই বুঝি আউট হয়ে যাবেন তিনি।
প্রথম টেস্টে ব্যর্থ বিজয় সেই ধারাবাহিকতা ধরে রাখলেন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবেও (এসএসসি)। কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বারবার জীবন পেয়েও ১০ বলের বেশি টিকতে পারেননি। করতে পারেননি কোনো রানও। আসিথা ফার্নান্দোর শরীর বরাবর আসা বল কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন বিজয়।
০,৪,০—ব্যর্থ বিজয়ের কাছে সুযোগ ছিল কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে কিছু করে দেখানোর। প্রথম ১১ বলে করে ফেলেন ১৭ রান। কিন্তু ঝোড়ো ব্যাটিং করতে থাকা বিজয় যে ভুলে গিয়েছেন, এটা সাদা পোশাকের ক্রিকেট। সাদা বলের ক্রিকেট নয়। তার চেয়েও বড় কথা দ্বিতীয় ইনিংসে ২১১ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে আসিথা ফার্নান্দোর শর্ট বলে পুল করতে যান বিজয়। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল শর্ট লেগে সহজে ধরেছেন লঙ্কান বদলি ফিল্ডার পবন রত্নায়েকে। ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় বিজয় ১৯ রান করে ফিরেছেন।
বিজয়ের আউটের পরই তৃতীয় দিনের চা পানের বিরতি দেওয়া হয়। তৃতীয় সেশন শুরুর আগে ৬.৫ ওভারে ১ উইকেটে ৩১ রান করেছে বাংলাদেশ। সফরকারীরা এখনো পিছিয়ে ১৭০ রানে। তাঁর সঙ্গী সাদমান ইসলাম ২২ বলে ১২ রান করেছেন।
লাগাতার ব্যর্থ বিজয় দেশের প্রথম শ্রেণির ক্রিকেট এনসিএলে ২০২৪-২৫ মৌসুমে করেছেন ৭০০ রান। অথচ ৮ টেস্ট খেলা এই ক্রিকেটার ১৫ ইনিংসে ১০.৮০ গড়ে করেছেন ১৫৯ রান। শূন্য রানে আউট হয়েছেন তিন বার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ফারাক কতটা, সেটা বিজয়ের এমন দৃষ্টিকটু ব্যাটিংয়ে আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে