Ajker Patrika

অস্ট্রেলিয়ায় সাফল্যের রহস্য জানালেন হাসান মাহমুদ

ক্রীড়া ডেস্ক    
অস্ট্রেলিয়ায় সাফল্যের রহস্য জানালেন হাসান মাহমুদ
অস্ট্রেলিয়ায় আজ দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ। ছবি: ক্রিকইনফো

শুরুতে উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ স্কোরবোর্ডে তুলেছে ৩৫৫ রান। বাংলাদেশের বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে উজ্জ্বল কেবল হাসান মাহমুদ। স্বাগতিকদের ১০ উইকেটের চারটিই নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৪.০৬ রানরেটে ব্যাটিং করলেও হাসান তুলনামূলক কিপ্টে বোলিং করেছেন। ১৯ ওভারে খরচ করেন ৪২ রান। ২.২৬ ইকোনমিতে বোলিং করা বাংলাদেশের তারকা পেসার ৫ ওভার মেডেন দিয়েছেন। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে বোলিং নিয়ে হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় বলেন, ‘সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুবই ভালো শুরু করেছি এবং বোলাররা খুবই ভালো লাইন-লেংথ বজায় রেখে করে বোলিং করেছে। এখানের কন্ডিশন খুবই ভালো। বাউন্স এবং সুইং হচ্ছে।’

জুন মাসে ইংল্যান্ডে কাঁপিয়ে এসেছেন হাসান মাহমুদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে কেন্টের জার্সিতে ২ ম্যাচ খেলে নিয়েছেন ১২ উইকেট। যার মধ্যে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। কেন্ট সেই ম্যাচ জেতে ১৪০ রানে। চার দিনের সেই ম্যাচের ফল আসে তিন দিনে।

ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং করা হাসান অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের উইকেটের মধ্যে সামঞ্জস্য খুঁজে পেয়েছেন। আজ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে ২৬ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘বোলিংয়ের দিক থেকে বলতে গেলে যদি বলি যে বোলিং ইউনিট হিসেবে আমরা সবাই ভালো বোলিংয়ের চেষ্টা করেছি। বিশেষ করে লন্ডনের উইকেটের যে অবস্থা, ওভালের যে অবস্থা দেখলাম, দুটোই আমার চোখে একই রকম। দুই জায়গাতেই বোলিং করতে অনেক উপভোগ করি। চেষ্টা করি যে লাইন বজায় রেখে সুইং ধরে রাখতে।’

১ রানে ২ উইকেট হারানো ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ঘুরে দাঁড়ায় তৃতীয় উইকেটে কার্টিস প্যাটারসন ও জশ ফিলিপের ৫২ রানের জুটিতে। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে ফিলিপকে (২৪) বোল্ড করে জুটি ভাঙেন হাসান। যেটা ছিল আজ দ্বিতীয় দিনের ইনিংসের কেবল দ্বিতীয় ওভার। বাংলাদেশের তারকা পেসার এরপর নিয়েছেন প্যাটারসন (৫৩) ও রোক্কিসিওলির (৫) উইকেট। গতকাল হাসান তো স্যাম কনস্টাসের উইকেট পেয়েছেন। আজ দ্বিতীয় দিনের বোলিং শেষে ২৬ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘নতুন বলে যদি আগেভাগে উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি সেটা ধরে রাখার।’

ডারউইনে গতকাল শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৮৭.২ ওভারে ৩৫৫ রানে অলআউট হয়েছে। স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ১৩০ রান করেন টিগ উইলি। ১৭৭ বলের ইনিংসে মেরেছে ১৬ চার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন উইকেটরক্ষক জেক ডোরান। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী নিয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে ২ উইকেটে ১৯ রান করার পর দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। সাদমান ইসলাম (৭), মুমিনুল হক (৬)—দুজনকেই ফিরিয়েছেন ক্যাম্পবেল থম্পসন। তানজিদ হাসান তামিম ব্যাটিং করছেন ৭ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত