Ajker Patrika

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে হাতাহাতি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১৪
ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে হাতাহাতি
ব্রাজিল-আর্জেন্টিনা ভলিবল ফাইনালে হাতাহাতি হয়েছে। ছবি: সংগৃহীত

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কতটা উত্তাপ ছড়ায়, তা না বললেই নয়। যে ভেন্যুতেই খেলা হোক, ভক্ত-সমর্থকেরা তো বটেই, এমনকি ফুটবলাররাও হাতাহাতিতে জড়ান। ফাইনাল হলে তো কথাই নেই। তবে এবারের হাতাহাতির ঘটনা ফুটবল ম্যাচে নয়।

রিও ডি জেনিরোতে গতকাল রাতে দক্ষিণ আমেরিকান ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আর্জেন্টিনাকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। জয়ের পর স্বাগতিক দল উসকে দেয় আর্জেন্টিনাকে। এই উসকানির পর দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়ান। সবচেয়ে উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে অন্তিম সময়ে। শেষ পয়েন্ট জয়ের পর ব্রাজিলের খেলোয়াড় দারলান আর্জেন্টাইন খেলোয়াড়দের সামনে হাত দিয়ে ‘বিদায়’ জানানোর ভঙ্গি করেন। তখন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় দারলানের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝেড়েছেন।

আর্জেন্টিনাকে গতকাল রাতে ২৫-২০, ২৫-২৩ ও ২৫-২০ সেটে হারিয়ে ২০২৬ লাতিন আমেরিকান ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তাতে ব্রাজিল ভলিবল দল ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের দিক থেকে দেখলে, আর্জেন্টিনা লড়াই করলেও ব্রাজিলের সঙ্গে পেরে ওঠেনি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা হারিয়েছে।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে উঠতে আর্জেন্টিনার সামনে এখনো দুটি সুযোগ রয়েছে। এরই মধ্যে তারা ২০২৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী বছরের ১০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পোল্যান্ডে হবে ছেলেদের ভলিবল বিশ্বকাপ। মহাদেশীয় পর্যায়ে সরাসরি খেলতে না পারা দলগুলোর মধ্যে থেকে এই বিশ্বকাপে তিনটি অলিম্পিক কোটা থাকবে।

আর্জেন্টিনা ভলিবল দলের অলিম্পিকে খেলার দ্বিতীয় সুযোগ মূলত র‍্যাঙ্কিংয়ের। সেখান থেকেও তিনটি দল অলিম্পিকে জায়গা পাবে। বর্তমানে আর্জেন্টিনা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে রয়েছে। তাই আসন্ন নেশনস লিগে ভালো পারফরম্যান্সে পয়েন্ট অর্জনের মাধ্যমে র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান এগিয়ে নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত