Ajker Patrika

হারের ব্যাখ্যায় খাবারের অজুহাত দিলেন লিটন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হারের ব্যাখ্যায় খাবারের অজুহাত দিলেন লিটন
এশিয়ান গেমসেও হতাশ করেছেন লিটন। হতাশ করেছে বাংলাদেশও। ছবি: বিওএ

ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় মালয়েশিয়ার চেয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের অগ্রাগামিতায় শেষ চারে পা রাখে বাংলাদেশ। কিন্তু ফাইনালে উঠার মিশনে পাকিস্তানের কাছে হেরে সোনা জেতার স্বপ্ন শেষ হয় দলের। সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ জেতার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু এবারও পারলেন না লিটনরা। দ্বিতীয় সারির শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হারায় সান্ত্বনার ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের। লঙ্কানদের করা ১৬৫ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে ১০২ রানে।

সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১১১ রানে অলআউট হয়ে ৬ উইকেটে হারে বাংলাদেশ। দুটি ম্যাচেই ব্যাটিং-বোলিং—দুই বিভাগেই বাজে খেলেছে তারা। স্বাভাবিকভাবেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ক্রিকেটাররা। সামাজিকমাধ্যমে বাংলাদেশ দলকে ধুঁয়ে দিচ্ছেন ভক্তরা। শ্রীলঙ্কার কাছে হারের পর সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হলো অধিনায়ক লিটনকে। বাজে পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়া, এশিয়াড ক্রিকেটে খেলার অভিজ্ঞতার অভাবের পাশাপাশি পছন্দমতো খাবার না পাওয়ার প্রসঙ্গও টেনেছেন অধিনায়ক।

আলোচনার সূত্রপাত এশিয়ান গেমসের শহর নাগোয়ার বাইরের একটি শহরে তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন ও সাইফ হাসানের ঘুরতে যাওয়া নিয়ে। অভিযোগ আছে, দলের অনুমতি না নিয়ে বাইরে খেতে গিয়েছিলেন এই তিন ক্রিকেটার। এ জন্য শাস্তির মুখে পড়েছেন তাঁরা। শেষ পর্যন্ত যে শাস্তিই হোক, আপাতত তাঁদের আগলে রাখলেন লিটন।

সংবাদ সম্মেলনে বাইরে খেতে যাওয়া নিয়ে লিটনের কাছে জানতে চান এক সাংবাদিক। উত্তরে অধিনায়ক বলেন, ‘ক্রিকেট খেলতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। আপনারা হয়তো সেটা জানবেন না, কারণ আপনারা কোনোদিন এভাবে ক্রিকেট খেলেননি। প্র্যাকটিসের প্রয়োজন হয়—সেখানে কী ধরনের সুযোগ-সুবিধা আছে? একজন খেলোয়াড় কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে থাকবে? খেলোয়াড়দের যখন ট্রেনে দেওয়া খাবার-দাবারে প্রয়োজনীয় পুষ্টি ও চাহিদা পূরণ হচ্ছে না, তখন তারা কি বাইরের খাবার খাবে না? তাদের তো সেই এনার্জিটা প্রয়োজন।’

গেমস থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পাওয়ার বিষয়ে লিটন আরও বলেন, ‘আপনার যদি মনে হয়, ফেডারেশন বা এশিয়ান গেমস থেকে যে খাবার দেওয়া হচ্ছে, সেটা আমাদের জন্য উপযোগী হচ্ছে না, তাহলে একজন খেলোয়াড় কি না খেয়ে থাকবে? অবশ্যই খাবার খাবে। আর খাবার খেতে হলে তো বাইরে যেতে হবে। খেলোয়াড়রা সেটাই করেছে। এখন যদি বলেন, ক্রিকেট খেলব, রোদের মধ্যে খেলব, কিন্তু সারাদিন এসি রুমে ঘুমাব—সেটা তো আপনারা অ্যাকসেপ্ট করবেন না। আমাদের যদি প্র্যাকটিস করার সুযোগ-সুবিধা থাকত, তাহলে তো আপনারা আমাদের মাঠেই দেখতে পারতেন, আমরা প্র্যাকটিস করছি। কিন্তু সেই অপশনটাই তো নেই।’

সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানে ফিরেছিলেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যর্থ অধিনায়ক। এ যাত্রায় প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। বাজে ফর্মের কথা জানতে চাওয়া হলেন লিটন বলেন, ‘হ্যাঁ, আমার পারফরম্যান্স? হ্যাঁ, আমার পারফরম্যান্স নট আপ টু দ্যা মার্ক। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারি নাই।’

এশিয়ান গেমসে ব্যর্থতার পর পদত্যাগ করতে চান কি না, এমন প্রশ্নের জবাব লিটন দেন এভাবে, ‘না, পদত্যাগ করতে চাই না। ক্রিকেটে উত্থান পতন থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে পদত্যাগের কিছু নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত