
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি হয়তো উসমান খাজার জানা নেই। তবে বিদায়ী বেলায় অনুভূতি কেমন হয়, সেটা এই মুহূর্তে তাঁর চেয়ে ভালো আর কেইবা জানেন। সিডনি টেস্ট শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন খাজা। আজ শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটারের দীর্ঘ ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ২০১১ সালে অ্যাশেজ দিয়ে খাজার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। খাজার অভিষেকের সেই ম্যাচে যেমন স্টিভ স্মিথ একাদশে ছিলেন, আজ বিদায়বেলায় খাজাও তাঁকে (স্মিথ) সতীর্থ হিসেবে পেয়েছেন। এসসিজিতে আজ পঞ্চম দিনে অ্যাশেজের পঞ্চম টেস্ট শেষ হওয়া মাত্রই খাজার দীর্ঘ ক্যারিয়ারের ইতি হয়ে গেল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাজাকে নিয়ে স্মিথ বলেন, ‘উসমানের ক্যারিয়ারটা দারুণ ছিল। তার অভিষেকের সময় খেলেছি। সে মানুষ ও ক্রিকেটার হিসেবে অসাধারণ। তাকে অবশ্যই ড্রেসিংরুমে আমরা মিস করব।’
সিডনিতে এবার অ্যাশেজের পঞ্চম টেস্টটার কেন্দ্রবিন্দু যে খাজা, সেটা আর না বললেও চলছে। আজ পঞ্চম দিনে যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামছিলেন, তাঁকে গার্ড অব অনার দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। মাঠে নামার সময় আকাশের দিকেও তাকিয়েছেন খাজা। চেহারা দেখেই বোঝা গেছে, কত কষ্টে তিনি তাঁর আবেগ সামলে খেলছেন বিদায়ী ম্যাচ। শেষটা মনের মতো হয়নি। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ১৭ ও ৬ রান করে আউট হয়েছেন তিনি।
সিডনি টেস্টের আগে সংবাদ সম্মেলনেই যে খাজা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, মাঠে কি আবেগ ধরে রাখা এতটা সহজ! বিদায়ী ম্যাচটাতে তাই সেভাবে মনোযোগ দিয়ে খেলতে পারেননি বলে আজ অ্যাশেজের পঞ্চম টেস্ট শেষে জানিয়েছেন খাজা। সম্প্রচারকারী চ্যানেল ফক্স স্পোর্টসকে খাজা বলেন, ‘আমার কাছে এটা অনেক বড় পাওয়া। অনেক কিছু জড়িয়ে রয়েছে এখানে। আমার ব্যাট থেকে জয়সূচক রান আসবে, এটাই চেয়েছিলাম। পুরো টেস্ট ম্যাচে আবেগ নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছিল। মাঠে মনোযোগই দিতে পারছিলাম না। আমার যে ক্যারিয়ার, তাতে ভীষণ কৃতজ্ঞ।’
২০১১ থেকে এখন পর্যন্ত ৮৭ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেছেন খাজা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৭ ম্যাচের ২০৭ ইনিংসে ৪২.০১ গড়ে করেছেন ৮০২৪ রান। ১৮ সেঞ্চুরির পাশাপাশি ৪১ ফিফটি করেছেন। যার মধ্যে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪৩.৩৯ গড়ে ১৬ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে করেছেন ৬২০৬ রান। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১৫৫৪ ও ২৪১ রান করেছেন তিনি। আজ শেষ হওয়া অ্যাশেজে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে খেলেছেন। চোটে পড়ায় ব্রিসবেনের গ্যাবায় গোলাপি বলের টেস্টে খেলতে পারেননি।
সচরাচর যে টপ অর্ডারে ব্যাটিং করেন, অ্যাশেজের চার ম্যাচের কোনোটিতেই সেখানে ব্যাটিং করতে পারেননি। এমনকি বিদায়ী ম্যাচে তাঁকে নিয়ে হয়তো ভক্ত-সমর্থকদের আশা ছিল ওপেনিংয়ে খেলতে নামবেন। কিন্তু অন্যান্য ম্যাচের প্রথা মেনে সিডনিতেও তাঁকে মিডল অর্ডারে নামানো হয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও অ্যাশেজের পঞ্চম টেস্ট শেষে খাজাকে অবসরের পরামর্শ দিয়েছিলেন। ৪ ম্যাচে ৭ ইনিংসে ১৭৬ রান করেই এবারের অ্যাশেজটা শেষ হলো। একটা ফিফটি করেছিলেন এই অ্যাশেজে।

ওয়ানডে ক্যারিয়ারে টানা দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার জিতেছেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে তানজিদ হাসান তামিমের সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে একাই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। প্রথমবার এককভাবে সিরিজসেরা হওয়ার দিনে এই পেসারের সঙ্গী হয়েছে চ
৪১ মিনিট আগে
অনুমোদনহীন লিগে খেলার কারণে সম্প্রতি সামিত প্যাটেলকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। প্যাটেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
তিন দশক ধরে শুধু দীর্ঘশ্বাস আর ব্যর্থতার গল্প লিখেছে উজবেকিস্তান। কখনো রেফারির ভুল সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ, কখনো টাইব্রেকারের স্নায়ুচাপে হার, আবার কখনো বিমান দুর্ঘটনায় এক প্রজন্মের ফুটবলারদের অকাল বিদায়—উজবেক ফুটবলের পরতে পরতে মিশে ছিল শুধু ট্র্যাজেডি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সেসব
২ ঘণ্টা আগে
আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের মনোমালিন্য নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই ক্রিকেটাররা তৎক্ষণাৎ হতাশা প্রকাশ করেন। কখনোবা আম্পায়ারদের দিকে তোলেন অভিযোগের আঙুল। একই কারণে এবার সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ককে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে