জাতীয় লিগে নাঈম-মাহফিজুলের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দারুণ ছন্দে আছেন ঢাকা বিভাগের মোহাম্মদ নাঈম শেখ ও ময়মনসিংহের মাহফিজুল ইসলাম। টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন নাঈম। চার ম্যাচে এটি মাহফিজুলের তৃতীয় শতক। দুজনই প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির অপেক্ষায়।
চতুর্থ রাউন্ডের প্রথম দিনে রাজশাহীতে গতকাল রাজশাহী বিভাগের বিপক্ষে ১৭১ রানে অপরাজিত নাঈম। তাঁর ইনিংসে চার ছক্কা ও ১৪টি চার। মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ২০৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঢাকাকে শক্ত অবস্থানে নিয়েছেন তিনি। ৮৮ রানে তিন উইকেট হারানোর পর দিন শেষে ঢাকার সংগ্রহ ৩ উইকেটে ২৯৩। অঙ্কন অপরাজিত ৮৪ রানে। নাঈমের এটি প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি। আগের দুই ইনিংসে ১৩৭ ও ১৩৫ রান করেন তিনি।
বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে ময়মনসিংহের মাহফিজুল অপরাজিত ১৫৬ রানে। ২২৩ বলের ইনিংসে মেরেছেন একটি ছক্কা ও ১৭টি চার। মুনিম শাহরিয়ারের ৫৬ রানের পর আব্দুল মজিদকে নিয়ে ৯৩ রানের জুটি গড়েন তিনি। ময়মনসিংহের সংগ্রহ ৪ উইকেটে ২৯৯।
সিলেটে বরিশালের বিপক্ষে রংপুর দিন শেষ করেছে ৫ উইকেটে ৩২০ রান নিয়ে। মিম মোসাদ্দেক ৭৭ ও আবদুল্লাহ আল মামুন অপরাজিত ৬১ রান করেছেন। আলাউদ্দিন বাবু অপরাজিত ৪৬। কক্সবাজারে বৃষ্টিতে সিলেট-খুলনা ম্যাচে টসও হয়নি।









