ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কাইরন পোলার্ড। দীর্ঘ ১৬ বছর ধরে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত থাকা ক্যারিবীয় এই অলরাউন্ডার এবার মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের হয়ে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন পোলার্ড। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে দলটির শিরোপা জয়ের অভিযানে ছিলেন তিনি। ২০২২ মৌসুমে সর্বশেষ আইপিএলে খেলার পর ২০২৩ সালে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন। গত চার মৌসুম এই পদে কাজ করার পর এবার পেলেন প্রধান কোচের দায়িত্ব।
আইপিএলে পোলার্ডের পারফরম্যান্সও ঈর্ষণীয়। ১৮৯ ম্যাচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩৪১২ রান করেছেন তিনি। পাশাপাশি নিয়েছেন ৬৯ উইকেট। খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের সাফল্যে বড় অবদান রাখা পোলার্ড এবার কোচ হিসেবে দলকে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ নেবেন। প্রধান কোচ হিসেবে এটিই তাঁর প্রথম দায়িত্ব।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নিতে পারা আমার জন্য সম্মানের। মুম্বাই আমার জীবন ও ক্যারিয়ারের বিশাল একটি অংশ। এই দল, খেলোয়াড়েরা এবং পল্টনের সঙ্গে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক মূল্যবান। খেলোয়াড় ও পরে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি জানি, মুম্বাই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে এবং দলের নীল ও সোনালি জার্সি গায়ে জড়ানোর সঙ্গে কী ধরনের দায়িত্ব জড়িয়ে আছে।’
দলের ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রতিভার বিকাশে কাজ করতে মুখিয়ে পোলার্ড, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে, দলের ঐতিহ্যকে এগিয়ে নিতে, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করতে এবং পল্টনকে উদ্যাপনের আরও অনেক উপলক্ষ এনে দিতে আমি মুখিয়ে আছি।’
মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানিও পোলার্ডকে প্রধান কোচ নিয়োগ করতে পেরে বেশ উচ্ছ্বসিত। তাঁর মতে, দীর্ঘদিনের এই সদস্য খেলোয়াড় ও কোচ হিসেবে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নীতা বলেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল পোলার্ড। গত ১৬ বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে সে আমাদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। আর কোচ হিসেবে ভাগাভাগি করে চলেছে নিজের অভিজ্ঞতা, আবেগ এবং খেলা সম্পর্কে গভীর জ্ঞান।’










