Ajker Patrika

শান্তর কাছে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয় এখন অতীত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৩: ৪৯
শান্তর কাছে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয় এখন অতীত
বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

ডারউইনের পর ম্যাকাইতে এখন আরেক ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের। আজ ম্যাকাইতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ফুটে উঠেছে আত্মবিশ্বাস।

১৬ আগস্ট ডারউইনে মুমিনুল হকের বাউন্ডারিতেই নিশ্চিত হয় বাংলাদেশের ৯ উইকেটের ঐতিহাসিক জয়। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্ট খেলতে নেমে বাজিমাত করেছে এশিয়া মহাদেশের এই দল। ঐতিহাসিক জয়ের পর দল কি অতি-আত্মবিশ্বাসী—আজ ম্যাকাইতে সংবাদ সম্মেলনে শান্তর কাছে এসেছে এই প্রশ্ন। বাংলাদেশ অধিনায়ক উত্তর দিয়েছেন কৌশলে, ‘দেখুন, এমন একটা জয় তো অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে এই দুই দিনের অনুশীলনে খেলোয়াড়রা সেটা খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে। সেটা অতীত হয়ে গেছে আসলে।’

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে বিদেশের মাঠে প্রথম টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। এরপর বিদেশে টেস্ট সিরিজ জিততে বাংলাদেশের লেগেছে ১২ বছর। ২০২১ সালে জিম্বাবুয়েতে গিয়ে জেতে এশিয়ার এই দল। যদিও বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজটি ছিল কেবল এক ম্যাচের। আর ২০২৪ সালে পাকিস্তানকে তাদের মাঠে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ বাংলাদেশ জেতে শান্তর নেতৃত্বে।

বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়াকে তাদের ডেরায় ধবলধোলাইয়ের সুবর্ণ সুযোগ। ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এখন এই কন্ডিশনে আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, কীভাবে মানিয়ে নিতে পারি, এটা নিয়েই গত দুই দিন প্রস্তুতি নিয়েছি। আমার মতে ক্রিকেটাররা সেই জায়গা থেকে বের হয়ে এসে আবার নতুন করে এই টেস্ট শুরু করবে।’

ডারউইনের স্থানীয় সময় সকাল ১০টায় খেলা শুরু হলেও বাংলাদেশ সময় সেটা ছিল সকাল সাড়ে ৬টা। শান্ত-মুমিনুল-হাসান মাহমুদদের খেলা দেখতে অনেকে সকাল থেকেই বসে থাকেন টিভি সেটের সামনে। আর প্রথম টেস্টে ঐতিহাসিক ৯ উইকেটে জয়ের পর মাঠেই দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। গ্যালারি থেকে ভেসে এসেছে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবিও তুলেছেন মেহেদী হাসান মিরাজ।

দর্শকদের এমন অকুণ্ঠ সমর্থনে মুগ্ধতা প্রকাশ করেছেন শান্ত। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আশা সব সময় একই রকম থাকা ভালো। আমাদের দর্শকদের একটা ইতিবাচক দিক, ম্যাচ হারি বা জিতি, সব সময় সমর্থন করেন। কালকের ম্যাচটা যখন শুরু হবে, তখন তাঁরা খেলা দেখবেন বলে আশা করি। যাঁদের মাঠে আসার সুযোগ আছে, মাঠে এসে সমর্থন দেবেন। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়া যে মরিয়া হয়ে উঠবে, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। অতীতে অনেকবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর অজিরা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। গতকাল প্রথান কোচ ফিল সিমন্স সংবাদমাধ্যমের সামনে অস্ট্রেলিয়া সম্পর্কে শিষ্যদের এমন সতর্কবার্তাই দিয়েছিলেন। শান্তর কাছে আজ এই প্রশ্ন এলে উত্তরে তিনি বলেন, ‘প্রথম থেকে বলে আসছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। পাঁচ দিন সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। একেকটা দিন, একেকটা সেশন কত ভালো ক্রিকেট খেলছি, সেটাই গুরুত্বপূর্ণ। প্রক্রিয়া ঠিকমতো অনুসরণ করে প্রত্যেক সেশন ভালো খেললে ফল অবশ্যই আসবে। তবে আগেই ফল নিয়ে চিন্তা না করে আমার মতে এটা অনেক চ্যালেঞ্জিং ও কঠিন হবে আমাদের জন্য। তবে আমি বিশ্বাস করি প্রত্যেক সেশন ভালো খেলতে হবে।’

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকাইতে ২২ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচটি জিতলে বাংলাদেশের সফলতার হার হবে ৭২.২২ শতাংশ। নিউজিল্যান্ডের সঙ্গে তখন যৌথভাবে তিনে অবস্থান করবে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের বাংলাদেশ। এই টেস্ট হারলে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে নেমে যাবে। অজিদের সফলতার হার হবে তখন ৭০ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত