বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মিরপুরের উইকেট যেন ‘মাইন ফিল্ডে’ রূপ নিল! প্রথম ইনিংসে স্বাগতিকেরা ১০৬ রানে অলআউট। প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকাও হারিয়েছিল ৬ উইকেট। কিন্তু নিচের ব্যাটারদের দক্ষতায় দক্ষিণ আফ্রিকা ঠিকই ভালো স্কোর পেয়ে গেছে। ৩০৮ রানে অলআউট হওয়ার আগে মিরপুরের উইকেটে ২০২ রানের বিশাল লিড পেয়ে গেছে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের সামনে দুই দিনেই হেরে যাওয়ার শঙ্কা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের শুরুতেই হয়তো বাংলাদেশ নিজেকে ‘ভাগ্যবান’ মনে করেছিল। কারণ টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে বলেই শান্তর ব্যাটিং নেওয়া। সেখানে প্রথম ইনিংসেই বাজেভাবে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ১০৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। এরপর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩০৮ রানে। ২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে এরই মধ্যে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান করে স্বাগতিকেরা।
মিরপুর টেস্টের শুরুতে দক্ষিণ আফ্রিকা যেমন বাংলাদেশের ওপর চড়ে বসেছিল, প্রথম দিনের শেষ বিকেলে আবার আলো ছড়ান তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকা প্রথম দিন যে ৬ উইকেট হারিয়েছিল, সেগুলোর ৫টিই তাইজুলের। বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছে যান বাঁহাতি স্পিনার। সেই তাইজুলকে আজ দ্বিতীয় দিনের শুরুতে দেখেশুনে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার উইয়ান মুল্ডার ও কাইল ভেরেইন। আক্রমণ ও রক্ষণের মিশেলে খেলতে থাকেন তাঁরা। মুল্ডার তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।
ফিফটির পরপরই অবশ্য আউট হয়েছেন মুল্ডার (৫৪)। দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডারকে ৬৫তম ওভারের পঞ্চম বলে ফেরান হাসান মাহমুদ। পরের বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে কেশব মহারাজকে বোল্ড করেন হাসান। টানা দুই বলে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৮ উইকেটে ২২৭ রান। এমন পরিস্থিতি থেকে প্রোটিয়ারা ৩০০ পেরিয়েছে ভেরেইনের দুর্দান্ত ব্যাটিংয়ে। ১৩৪ বলে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি এসেছে দুই বছর পর। ১১৪ রান করে প্রোটিয়াদের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১৪৪ বলের ইনিংসে ২৭ রানই করেছেন সুইপ থেকে। মেরেছেন ৮ চার ও ২ ছক্কা।
আউটও হয়েছেন সুইপ করতে গিয়ে। ৮৯তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজকে সুইপ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন ভেরেইন। ক্ষিপ্রতার সঙ্গে স্টাম্পিং করেন উইকেটরক্ষক লিটন দাস। ভেরেইনের বিদায়ে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ‘নির্বিষ’ তাইজুল আজ আর কোনো উইকেট পাননি। দ্বিতীয় দিনের ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন হাসান ও মিরাজ। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট তাইজুলের। মিরাজ ও হাসান নিয়েছেন ৩ ও ২ উইকেট।

শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
৯ মিনিট আগে
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ওপর ক্রিকেটপ্রেমীদের আশা-প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু ভেন্যু বদলাতেই পাল্টে গেল দৃশ্যপট। ম্যাকাইতে দুই দিনেই হেরে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। তাতে করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ঘটল এক বিরল ঘটনা।
৩৪ মিনিট আগে
ম্যাকাই টেস্টে ন্যূনতম লড়াই করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিনেই সফরকারীদের সঙ্গী হয়েছে ইনিংস এবং ৫১ রানের হার। আগেভাগেই ম্যাচ শেষ হওয়ায় বাকি তিন দিন ঘুমিয়ে কাটাতে চান নাজমুল হোসেন শান্তরা।
১ ঘণ্টা আগে
কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশেও পা রাখছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদল। আজ ঢাকায় এসে তারা প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এরপর জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখার কথা রয়েছে তাদের। বাফুফের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে