Ajker Patrika

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৫: ৫৬
রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট
২০২৬-২৭ মৌসুমেও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। ছবি: ফাইল ছবি

এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।

হোবার্ট হারিকেন্স আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদকে ধরে রাখার কথা নিশ্চিত করেছে। তাঁকে নিয়ে বিগ ব্যাশও সামাজিকমাধ্যমে প্রশংসামূলক পোস্ট করেছে। রিশাদকে ধরে রাখার ব্যাখ্যায় হোবার্টের ম্যানেজার বিমস বলেন, ‘রিশাদ আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছিল যে গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে। সে আবারও ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে সত্যিই অনেক গুরুত্বপূর্ণ ছিল।’

সবশেষ ২০২৫-২৬ মৌসুমে বিগ ব্যাশে নিজের অভিষেকেই হোবার্টের হয়ে খেলেন রিশাদ। ১২ ম্যাচে ৭.৮২ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। পুরো টুর্নামেন্টেই যেখানে রানরেট ছিল ৮.৬১, সেখানে রিশাদের এমন বোলিং সত্যিই প্রশংসনীয়। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ২৬ রানে ৩ উইকেট টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং। সিডনি সিক্সার্সের স্টিভ স্মিথকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে নজর কাড়েন রিশাদ।

বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমে হোবার্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন রিশাদ। হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারীও ছিলেন তিনি। বাংলাদেশি লেগস্পিনারের এমন অনবদ্য পারফরম্যান্সই তাঁকে ধরে রাখতে উৎসাহিত করেছে বলে জানিয়েছেন বিমস। হোবার্টের ম্যানেজার বলেন, ‘গত মৌসুমে সে আমাদের হয়ে অসাধারণ খেলেছে। প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে এসে প্রত্যেক ম্যাচে সে খেলেছে। দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়াতেই প্রমাণ হয় যে সে কতটা দক্ষ এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে।’

২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশের আগে অ্যাডাম জাম্পার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিগ ব্যাশের এই ফ্র্যাঞ্চাইজি। একই সঙ্গে দুই তারকা লেগস্পিনার নেওয়ায় হোবার্ট দল তুলনামূলক শক্তিশালী হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার বিমস বলেন, ‘অ্যাডাম জাম্পাকে দলে নেওয়ায় আমাদের দল সাজানোর পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এসেছিল। কিন্তু রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন হারিকেনসে ফিরতে এতটা আগ্রহী, তখন সেই সুযোগ কাজে লাগাতে সব কিছুই আমরা খতিয়ে দেখতে চেয়েছি।’

হোবার্ট গত মৌসুমে চ্যালেঞ্জার রাউন্ডেই বিদায় নিয়েছে। সিডনি সিক্সার্সের কাছে হোবার্ট হারে ৫৭ রানে। এবার জাম্পা-রিশাদের মতো তারকা দুই লেগস্পিনার থাকায় হোবার্ট আরও শক্তিশালী হয়েছে। এ বছরের ১২ ডিসেম্বর শুরু হবে ২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশ। রিশাদের দল হোবার্ট টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামবে ১৭ ডিসেম্বর। বেলেরিভ ওভালে তাঁর প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স। ফাইনাল নতুন বছরের ২৬ জানুয়ারি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২১ ম্যাচে ৮.৩৬ ইকোনমিতে ১৩৭ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি বিদেশের লিগেও তিনি অনেক জনপ্রিয়। বিগ ব্যাশ, গ্লোবাল সুপার লিগ, পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন ২৪ বছর বয়সী লেগস্পিনার। ২০২৭ এসএ টোয়েন্টিতে তাঁকে নিয়েছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত