Ajker Patrika

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল দিল বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৭: ২৬
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল দিল বিসিবি
১৪ আগস্ট ঢাকা ছাড়বে এইচপি দল। ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সেই টুর্নামেন্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইচপির অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে এইচপি দল। পুরো টুর্নামেন্ট হবে ডারউইনে।

দলে রাখা হয়েছে সাব্বির রহমান, আবু হায়দার রনি, শামীম হোসেন, আবদুল গাফফার সাকলায়েন, রিপন মণ্ডল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। এ ছাড়া জায়গা পেয়েছেন হাবিবুর রহমান সোহান, জিশান আলম, এস এম মেহেরোব হাসান, রাকিবুল হাসানদের মতো বেশ কিছু সম্ভাবনাময় মুখ।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের এবারের আসরে অংশ নেবে ৯ দল। টুর্নামেন্টে শুরু হবে আগামী ২১ আগস্ট। পরের দিন নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ এইচপি। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। ২৫ আগস্ট পর্যন্ত টানা খেলতে হবে এইচপি দলকে। পরের তিন ম্যাচে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ হোবার্ট হারিকেন্স, ভিক্টোরিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্স।

এর আগে তিনবার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ এইচপি। ২০২৪ সালে রানার্সআপ হয়েছে তারা। এইচপির এটাই সর্বোচ্চ সাফল্য। সেবার চ্যাম্পিয়ন হয় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।

বাংলাদেশ এইচপি দল: ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিশান আলম, এস এম মেহেরোব হাসান, সামিউন বসির রতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলায়েন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত