Ajker Patrika

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার
নিলামের চূড়ান্ত তালিকায় আছে রিশাদ ও মোস্তাফিজের নাম। ছবি: সংগৃহীত

দ্য হান্ড্রেডের ষষ্ঠ পর্বের নিলামের জন্য গত সপ্তাহে নাম দিয়েছিলেন ৭১২ জন ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত নিলামের জন্য তালিকা ছোট করে এনেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যে তালিকায় নেই বাংলাদেশের ক্রিকেটারদের আধিক্য।

লন্ডনে আগামী ১২ মার্চ দ্য হান্ড্রেডের নিলাম হবে। তার আগে চূড়ান্ত তালিকায় থাকা ২৪৭ ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। এরা হলেন বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমান এবং লেগস্পিনার রিশাদ হোসেন।

ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে নিলাম ওঠবেন মোস্তাফিজ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা। রিশাদের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড বা ১ কোটি ২৩ লাখ টাকা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই দুজনই বেশ পরিচিত। আইপিএল, পিএসএলসহ বিশ্বের আরও বেশ কিছু নামিদামি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। আইপিএলের ১৯ তম পর্বের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে এই পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে উগ্র হিন্দুত্ববাদী এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা। বিষয়টি নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কম নাটক হয়নি।

মোস্তাফিজের মতো আইপিএলে দল না পেলেও এরই মধ্যে পিএসএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন রিশাদ। বিগ ব্যাশের সবশেষ পর্বে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছেন এই তরুণ ক্রিকেটার। শুধু অংশ নিয়েই নয়, দুর্দান্ত বোলিংয়ে ভক্তদের হৃদয় জয় করেছেন তিনি; বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। এ ছাড়া গতবারের মতো এবারও পিএসএলে দল পেয়েছেন রিশাদ। দ্য হান্ড্রেডের কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আগ্রহ দেখায় কি না সেটা জানতে অপেক্ষা করতে হবে ১২ মার্চ পর্যন্ত।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্য হান্ড্রেডের প্রাথমিক নিলামে নাম দেওয়া বাকি ২১ ক্রিকেটার বাদ পড়েছেন। এদের মধ্যে তাসকিন আহমেদ, লিটন দাস, সাইফ হাসান, নাসুম আহমেদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন উল্লেখযোগ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত