Ajker Patrika

জাহানারার যৌন নিপীড়নের তদন্ত প্রতিবেদন অবশেষে বিসিবিতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩১
জাহানারার যৌন নিপীড়নের তদন্ত প্রতিবেদন অবশেষে বিসিবিতে
বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাহানারা আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত প্রতিবেদন অবশেষে জমা পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে স্বাধীন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি।

জাহানারার যৌন নিপীড়নের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা দেওয়ার কথা ছিল ২০ ডিসেম্বর। নির্ধারিত সময়ের ৪৪ দিন পর আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে বলে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম, সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন তুলে দিয়েছেন।

থিসিস পেপারের মতো দুটি বাঁধাই করা মোটা বইয়েই তদন্ত প্রতিবেদন বিসিবির কাছে জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। বিসিবির একটি সূত্রে জানা গেছে, যেভাবে অভিযোগের ঢেউ উঠেছিল, তদন্তে সেটার প্রমাণ কমই পাওয়া গেছে। আর বেশির ভাগ ঘটনা ২০২১ সালের বলে বর্তমান বোর্ড সে সবের দায়ভার নেবে না। তবে যে সব অভিযোগের প্রমাণ মিলেছে, সে সব বিষয়ে পদক্ষেপ নিতে চায় বিসিবি।

নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে নভেম্বরে টালমাটাল হয়ে পড়েছিল দেশের ক্রিকেটাঙ্গন। তাইজুল ইসলাম, তামিম ইকবালরা সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন। ৮ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের কাজ ছিল ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া। তবে সেটা না হওয়ায় ২ ডিসেম্বর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আনুষ্ঠানিক অভিযোগ বা বক্তব্য দিতে বাড়তি সময় চেয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা। যে কারণে স্বাধীন তদন্ত কমিটির কাজের সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়িয়ে ২০ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার তারিখ ঠিক করা হয়েছিল।

বিসিবির তদন্ত কমিটি গঠনের ঘোষণার পর প্রশ্ন উঠেছিল বিসিবির সাবেক নারী কোচের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের যথাযথ নিষ্পত্তি কি বিসিবির তদন্তেই সম্ভব? জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমও জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছিলেন। তাঁর দাবিকে যৌক্তিক মনে করছেন অনেকেই। এমনকি বিসিবির অনেক কর্মকর্তাও মনে করেন অভিযোগ সত্য না মিথ্যা, সেটার তদন্ত স্বাধীন, নিরপেক্ষ একটা কমিটির মাধ্যমেই হওয়া উচিত। এ ক্ষেত্রে তাঁদের যা যুক্তি, সেটি মিলে যাচ্ছে তামিমের সঙ্গেই। তামিম স্বাধীন তদন্ত কমিটির পক্ষে যুক্তি দেখিয়েছিলেন, ‘কমিটিতে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত