
মাঠের ক্রিকেট থেকে এক রকম দূরেই মোহাম্মদ মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ৫ বছর আগে। বাংলাদেশ জাতীয় দলের হিসাবটা যদি এক পাশে সরিয়েও রাখা হয়, তবু পেশাদার ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সুযোগটা তাঁর কাছে ঠিকই এসেছিল। কিন্তু সেটা আলোর মুখ দেখেনি।
২০২১ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার মাঠে নামা মিঠুন খেলেছেন ২০২৬ ডিপিএলেও। সেই ডিপিএলও হয়েছে জুন মাসে। তিন মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সিরিজে তাঁকে নেওয়া হলেও একাদশে খেলার সুযোগ হয়নি।
আজ ২০২৬-২৭ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যাগি টুপি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। খুলনার অধিনায়ক মিঠুন পরেছেন কমলা টুপি। সবশেষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না ভাইয়া।’
তিন ম্যাচের মধ্যে কেবল একটা ম্যাচই খেলা হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে সিরিজে। মিঠুন আজ সংবাদ সম্মেলনে সেটাও উল্লেখ করেছেন, ‘ম্যাচ খেলতে পারলে অবশ্যই তো ভালো হতো। কিন্তু যেহেতু আপনারা জানেন যে ওখানে তিন ম্যাচের মধ্যে দুইটা হয়নি। হয়তোবা সবগুলা ম্যাচ হলে সুযোগ আসতে পারত। তবে যেহেতু ম্যাচ হয়নি, সেহেতু এটা নিয়ে কথা বলার মতো খুব বেশি কিছু থাকে না।’
ব্যাগি টুপি বিতরণ যে বিসিবি এবারই প্রথমবার করল, তা নয়। টেস্টে কারও অভিষেক হলে প্রথাগত এই টুপি পরানো হয় সেই ক্রিকেটারকে। তবে ঘরোয়া ক্রিকেটে লাল বলের কোনো টুর্নামেন্টের আগে এবারই প্রথম ব্যাগি টুপি বিতরণ অনুষ্ঠান করল বিসিবি। শুধু তা-ই নয়, আট ক্রিকেটার পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করেছেন। এসেছে বিসিবির এই বিশেষ রঙিন টুপি নিয়েও। তবে রংয়ের চেয়ে বরং ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টটি যেন সঠিকভাবে হয়, সেটা নিয়ে ভাবছেন খুলনা বিভাগের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আসলে আমরা ঘরোয়া ক্রিকেট খেলি তো আন্তর্জাতিক ক্রিকেটে অবদান রাখতে। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা যেহেতু টেস্টের কারণেই, ব্যাগি ক্যাপটা তো আপনারা জানেন টেস্টের একটা প্রতীক। তো এখানে রং কোনো ব্যাপার না। অবশ্যই আমরা যে রং পেয়েছি, সেটা নিয়েই খেলব। এখন জানতে পারলাম যে আমাদের একটা রং আছে। এটাকে ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ।’
মিঠুন একই সঙ্গে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি। প্রথম শ্রেণির ক্রিকেটটা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ, সেজন্য সবাইকে ভালো খেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল কাজ মাঠে। ক্রিকেটটা যেন প্রতিযোগিতামূলক হয় এবং যারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলবে, তারা যেন টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে, সেটাই মূল ব্যাপার।’

২০২৬ নারী এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। উত্তর কোরিয়ার কাছে হজম করেছে ১০ গোল। আপাতত পরের ম্যাচে রক্ষণভাগ শক্তিশালী করার কথাই ভাবছে পিটার বাটলারের দল।
২৬ মিনিট আগে
২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নেপাল সফরের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে এই সিরিজ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে হবে তিনটি টি-টোয়েন্টি।
২ ঘণ্টা আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হয় ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানকে। শুধু এখানেই শেষ নয়, সন্দেহজনক কর্মকাণ্ডের কারণে জব্দ করা হয় তাঁদের ফোনও। আজ সেই তদন্তের ফল জানাল পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থা (এনসিসিআইএ)।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে নারী ক্রিকেট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ চীন। সরাসরি কোয়ার্টার ফাইনাল হওয়ায় সে ম্যাচে জিতলেই সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে