‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির ঘটনা ২০১৮ সালের হলেও ফের এটা নিয়ে হচ্ছে চর্চা। প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা ফের বিব্রতকর অবস্থায় পড়েছেন। ডেভিড ওয়ার্নার, ওয়াসিম আকরামরাও এ ব্যাপারে কথা বলেছেন। তবে শোয়েব আখতার ব্যাপারটাকে নিয়ে গেছেন অন্য এক মাত্রায়। অস্ট্রেলিয়াকে খোঁচা দিতে গিয়ে পাকিস্তানকে নিয়েও ব্যঙ্গ-বিদ্রূপ করতে ছাড়েননি তিনি।
উসমান খাজার ‘সবর’ আত্মজীবনী প্রকাশের পর তোলপাড় হয়ে যায় অস্ট্রেলিয়ার ক্রিকেট। ২০১৮ সালে কেপটাউনের নিউল্যান্ডস টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনার বৃত্তান্ত সেখানে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটার। শিরীষ কাগজ দিয়ে আলোচিত বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে সম্প্রতি উইজডেনকে এক সাক্ষাৎকার দিয়েছেন শোয়েব। তাঁর গতির ঝড়ে যেমন ব্যাটাররা কাঁপতেন, খেলা ছাড়ার পর যেকোনো বিষয়ে চাঁছাছোলা মন্তব্য করতে বিন্দুমাত্র ভাবেন না তিনি। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘ইংল্যান্ডে খেলার সময় আমরা স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি ব্যবহার করতাম। আমরা বল পরিবর্তন করতাম এবং নানা ধরনের কাজ করতাম।’
বল টেম্পারিংয়ের ঘটনা এক রকম ‘ওপেন সিক্রেট’। শোয়েবের মতে এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করার কিছু নেই। একই সঙ্গে এটা নিয়ে তিনি হতাশাও ব্যক্ত করেছেন। উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের কিংবদন্তি গতিতারকা বলেন, ‘আরে থামুন। এবার বিষয়টি ছাড়ুন। এটা নিয়ে এত হই চই করছেন কেন? আমি বুঝতে পারছি এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর। আমাদের ক্রিকেটেরও ক্ষতি করেছে। আপনারা সত্যিটা প্রকাশ করেছেন। ব্যস, এটুকুই যথেষ্ট। কিন্তু বিষয়টি নিয়ে এত মাতামাতি করবেন না।’
খেলোয়াড়ি জীবনে অনেক সতীর্থকে এমনটা করতে দেখেছেন বলে দাবি শোয়েবের। তবে উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কারও নাম উল্লেখ করেননি। পাকিস্তানের গতিতারকা বলেন, ‘আরেকটা বিষয় হলো, সাবেক সতীর্থদের নিয়ে আমার অনেক কিছু বলার আছে। তাদের সম্পর্কে অনেক কিছুই বলতে পারি। কিন্তু আমি তা বলব না। তাদের বিপদে ফেলতে চাই না। আমার সাবেক সতীর্থরা কী কী ভুল করেছে, সে সম্পর্কে অনেক কিছুই জানি।’
শোয়েবের অবস্থা এমন হয়েছিল যে কাউকেই বিশ্বাস করতে পারছিলেন না। পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেন, ‘এমন সময়ও গেছে, যখন আমার মনে হয়েছে যেন ২২ জনের বিপক্ষে খেলছি। কারণ, যাদের বিপক্ষে খেলেছি, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে সন্দেহের তালিকায় ছিল। হ্যাঁ, অবশ্যই। ফলে কাকে বিশ্বাস করব সেটাই বুঝতে পারতাম না।’
এ বছরের জানুয়ারিতে দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন খাজা। তবে ২০১৮ সালে কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের সময় খাজা ছিলেন একাদশে। সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। তাঁর পাশাপাশি ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটও তখন শাস্তি পেয়েছিলেন।
একাদশে থাকায় আট বছর আগের সেই কেলেঙ্কারি সরাসরি দেখার সৌভাগ্য হয়েছিল খাজার। যেটা তিনি তাঁর আত্মজীবনী ‘সবরে’ উল্লেখ করেছেন। উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্যাপারটা হলো, উসমান যা বলেছে, সেটি দলীয় সিদ্ধান্তই হওয়ার কথা। এটা দু-একজনের সিদ্ধান্ত হতে পারে না। দুঃখিত, এ কথা বলতেই হচ্ছে। আমরা ক্রিকেট বল নিয়ে খেলতাম। আমিও অনেক কিছু করেছি, তাই না? কিন্তু দলের সবাই বিষয়টি জানত। কারণ, আমরা যদি রিভার্স সুইং করাতে না পারতাম, তাহলে ম্যাচ জিততে পারতাম না।’
খাজার আত্মজীবনী প্রকাশের পর ব্যানক্রফট ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায় এক কলামে কামিন্সসহ সতীর্থদের দায়ী করেছেন। খাজার মতো ব্যানক্রফটেরও দাবি, স্যান্ডপেপার গেটের কেলেঙ্কারি সবাই জানতেন। যদিও কামিন্স সেটা বারবার অস্বীকার করে আসছেন। এমনকি আজ অস্ট্রেলিয়ার অধিনায়কের বাসায় সাংবাদিকদের ভিড় দেখা যায়। শোয়েব বলেন, ‘এখন যা সামনে আসছে, তা একেবারেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। তবে এমনটা হওয়া উচিত ছিল না। সে (উসমান খাজা) সঠিক কাজটিই করেছে। কিন্তু বিষয়টি প্রকাশের সময়টা আরও ভালো হতে পারত।’











