স্কটল্যান্ডের সঙ্গেও কেন সম্পর্ক খারাপ হলো আফগানিস্তানের

আফগানিস্তানের সঙ্গে কোনো ধরনের ক্রিকেট ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। তালেবান সরকারের অধীনে দেশটিতে নারী ও মেয়েদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। কেবল আইসিসির কোনো টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার বাধ্যবাধকতা থাকলেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বলে জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।
এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও আফগানিস্তানকে প্রত্যাখ্যান করেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো স্কটল্যান্ড। ক্রিকেট স্কটল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তির শর্ত অনুযায়ী সব রকম বাধ্যবাধকতা পালন করবে বোর্ড। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কোনো ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া হলে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি আমরা সমর্থন জানাব।’
বোর্ড জানায়, আইসিসির কোনো টুর্নামেন্টে খেলতে গিয়ে বাধ্যতামূলকভাবে মুখোমুখি হলেই কেবল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। এর মধ্যে প্রস্তুতি ম্যাচও অন্তর্ভুক্ত থাকবে। তবে আফগানিস্তানের নারী ক্রিকেটের পরিস্থিতি এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আসা পর্যন্ত দেশটির বিপক্ষে কোনো ক্রিকেট ম্যাচ আয়োজনের উদ্যোগ নেবে না তারা।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৪, ২০২৬ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিল স্কটিশরা। এছাড়া আফগানদের বিপক্ষে কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তারা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে সম্পর্ক ও কার্যক্রম পর্যালোচনা করতে গত গ্রীষ্মে উদ্যোগ নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ-সুবিধা চেয়ে আবেদন করেছিল তারা। তবে শেষ মুহূর্তে আবেদন করায় এবং উপযুক্ত ভেন্যু না পাওয়ায় সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।
এমনকি প্রস্তাবিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) স্কটিশ ক্রিকেটারদের খেলার সম্ভাব্য সুযোগ নিয়েও এসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। যা সম্পর্ক পর্যালোচনার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলা স্কটল্যান্ডের ওপেনার জর্জ মানসি ছাড়া গত সপ্তাহের এপিএল ড্রাফটে আর কোনো স্কটিশ ক্রিকেটার দল পাননি। তবে লিগটি আইসিসির অনুমোদন পেলে মানসিকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বোর্ড।
আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে স্কটল্যান্ডের এমন অবস্থান নতুন নয়। এর আগে এ ধরনের অবস্থান নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নারী জাতীয় দল ও নারী ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় কাঠামো গড়ে তোলার শর্ত পূরণ না করলেও ২০১৭ সালে আফগানিস্তানকে পূর্ণ সদস্যের মর্যাদা দিয়েছিল আইসিসি। তবে ২০২১ সালে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় আসার পর দেশটিতে মেয়েদের অবস্থার ব্যাপক অবনতি হয়েছে।









