Ajker Patrika

পাকিস্তানে নতুন চাকরি পেলেন সাবেক বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৬: ২৩
পাকিস্তানে নতুন চাকরি পেলেন সাবেক বিসিবি সভাপতি
আমিনুল ইসলাম বুলবুল এখন লাহোর কালান্দার্সের উপদেষ্টা। ছবি: সংগৃহীত

কয়েক মাস আগেও আমিনুল ইসলাম বুলবুল ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। এবার তিনি পাকিস্তানে কাজ করবেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স তাঁকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে।

উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা লাহোর কালান্দার্স আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘লাহোর কালান্দার্স তাদের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে। খেলোয়াড় উন্নয়ন এবং ক্রিকেটের উৎকর্ষ সাধনে নিজেদের অঙ্গীকার আরও জোরদার করতেই ফ্র্যাঞ্চাইজিটি এই পদক্ষেপ নিয়েছে।’

১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন বুলবুল। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কও ছিলেন। যা বাংলাদেশের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। আর ২০০০ সালে ঢাকায় বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন বুলবুল। ভারতের বিপক্ষে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাছাড়া ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বুলবুল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুই মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

ক্রিকেটার ও প্রশাসক হিসেবে অর্জিত অভিজ্ঞতা বুলবুল এবার কাজে লাগাতে পারবেন বলে আশা লাহোরের। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘উপদেষ্টা হিসেবে আমিনুল ইসলাম বুলবুল খেলোয়াড়দের উন্নয়ন, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং উদীয়মান ক্রিকেটারদের জন্য ভবিষ্যৎ গড়ার সুযোগ ও পথ তৈরি করতে কৌশলগত দিকনির্দেশনা দেবেন। আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট উন্নয়নে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। আইসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে অর্জিত দক্ষতা লাহোর কালান্দার্সের আগামী প্রজন্মের ক্রিকেট প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের দীর্ঘ ১২ বছরের বিসিবি সভাপতির দায়িত্ব শেষ হলে বোর্ডের প্রধান হয়েছিলেন ফারুক আহমেদ। তবে তিনি টিকতে পেরেছেন কেবল ৯ মাস। ২০২৫ সালে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুককে অপসারণ করলে বুলবুল হয়েছিলেন বিসিবি সভাপতি। সে বছরের অক্টোবরে নির্বাচন হলে ফের তিনিই হয়েছিলেন বিসিবি প্রধান। পরবর্তীতে এ বছরের ৭ এপ্রিল এনএসসি বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলে গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন কমিটি। এই কমিটির প্রধান তামিম ইকবাল ৭ জুন হয়েছেন বিসিবি সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত