Ajker Patrika

জাপানের ‘বৈরি’ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি দেশে থেকেই নিয়েছিলেন লিটনরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৬
জাপানের ‘বৈরি’ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি দেশে থেকেই নিয়েছিলেন লিটনরা
আগামীকাল এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে নামবে বাংলাদেশ। ছবি: এএফপি

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আগামীকাল। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল লিটন দাস-তাওহীদ হৃদয়দের প্রতিপক্ষ মালয়েশিয়া। কিন্তু এই কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ কতটা প্রস্তুত—এই প্রশ্ন উঠছে। ম্যাচ তো পরিত্যক্ত হচ্ছেই। এমনকি বৃষ্টির মধ্যেও করতে হয়েছে অনুশীলন।

ফুটবলে জাপান এশিয়ার অন্যতম সেরা দেশ হলেও ক্রিকেটে তেমন একটা পরিচিত নয়। একারণে ফুটবলের মাঠেও লিটনদের অনুশীলন করতে হয়েছে। তাছাড়া জাপানে এসময় টাইফুনের মৌসুম হওয়ায় মুষলধারে বৃষ্টি হয়ে থাকে। এমন কিছু যে হওয়ার সম্ভাবনা রয়েছে, আগে থেকেই ধারণা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। জাপান ম্যাচের আগে আজ সাংবাদিকদের লিটন বলেন, ‘দেশ থেকে আসার আগে আমরা অনেক অনুশীলন করেছি। খেলোয়াড়দের একটা কথাই বলেছি যে সেখানে গিয়ে সুযোগ নাও থাকতে পারে। যদি বৃষ্টি থাকে এবং দেশটা যেহেতু ক্রিকেটের জন্য অতটা পরিচিত না, সেরকম সুযোগ-সুবিধা পাওয়ার ব্যাপারে সন্দিহান ছিলাম।’

এ বছর সর্বসাকল্যে বাংলাদেশ খেলেছে আট টি-টোয়েন্টি। তবে নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন চোটে পড়ায় ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলার সুযোগ পাননি। হৃদয় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন, হৃদয়, মোস্তাফিজুর রহমান—টি-টোয়েন্টির ক্রিকেটাররা এক হওয়ার সুযোগ তেমন পাননি। তবে দেশ ছাড়ার আগে ক্যাম্প করেছিলেন তাঁরা। নিজেরা ভাগাভাগি হয়ে প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন। লিটনের মতে সতীর্থরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আজ বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মনে হয় ক্রিকেটাররা সেখান থেকেই প্রস্তুতি নিয়েছে। মনে হয় তারা খেলতে প্রস্তুত।’

এশিয়ান গেমস ছেলেদের ক্রিকেটে চার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। যার মধ্যে রয়েছে পাকিস্তান-হংকং, ভারত-আফগানিস্তান—আজকের এই দুই কোয়ার্টার ফাইনালও। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নিশিনে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা ৯৭ শতাংশ। লিটন বলেন, ‘প্রত্যেকটা দলের জন্যই তো একই অবস্থা আর কি। আবহাওয়ার ওপর কারও কোনো নিয়ন্ত্রণ নেই।’

বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেই যতটুকু সুযোগ পেয়েছেন, নিজেদের প্রস্তুতি নিতে সেটা কাজে লাগাতে চেষ্টা করছেন লিটন-হৃদয়রা। আজ সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যতটুকু সুযোগ-সুবিধা তারা আমাদের দিয়েছে, যতটুকু সময় পেয়েছি, আমরা প্রস্তুতি নিতে চেষ্টা করেছি।’

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকাতেই স্ব স্ব ম্যাচ পরিত্যক্ত হলেও ভারত-পাকিস্তান সেমিফাইনালে উঠেছে। ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারত। ৬, ১০ ও ২৪ নম্বরে থাকা পাকিস্তান, আফগানিস্তান ও হংকংয়ের রেটিং পয়েন্ট ২৪০, ২১৮ ও ১৩০। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে শ্রীলঙ্কা-নেপাল কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ-মালয়েশিয়া শেষ আটের ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত