ম্যাচের মাঝেই সুখবর পেল শ্রীলঙ্কা-পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে চলছে শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। আজ মাত্র তৃতীয় দিন। এরই মধ্যে সুখবর পেল দুই দল। বাজে আবহাওয়ার কারণে বদলে গেছে দ্বিতীয় টেস্টের ভেন্যু।
১৭ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। কিন্তু বাজে আবহাওয়ার কারণে এবার এই টেস্ট লাহোরে আয়োজন করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় টেস্ট হবে রাওয়ালপিন্ডিতেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এই ভেন্যু পরিবর্তনের কথা নিশ্চিত করেছে। অক্টোবর থেকে ডিসেম্বরে সাধারণত ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মৌসুমি তীব্র বায়ুদূষণ বা ধোঁয়াশার (স্মগ) প্রকোপ দেখা যায়। বর্তমানে লাহোরও ভয়াবহ স্মগে আচ্ছন্ন। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল লাহোর। গত এক সপ্তাহে বায়ুমানের দিক থেকে সবচেয়ে দূষিত শহরের তালিকায় লাহোর ও দিল্লি পর্যায়ক্রমে শীর্ষে অবস্থান করছে।
ক্রিকইনফো জানতে পেরেছে, লাহোরে তীব্র স্মগের মধ্যে ম্যাচ হলে টেলিভিশন সম্প্রচারের মান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো উদ্বেগ প্রকাশ করেছিল। চলতি সপ্তাহের শুরুর দিকে লাহোরের বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি হলে সম্প্রচার সংশ্লিষ্টদের দ্বিতীয় টেস্টের জন্য লাহোরে ভ্রমণের প্রস্তুতি না নিতে বলা হয়েছিল। একই সঙ্গে ম্যাচটি অন্যত্র সরিয়ে নেওয়ারও প্রস্তুতি নিচ্ছিল পিসিবি। ফলে শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু বদলে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে।

পাঞ্জাবের বিভিন্ন এলাকায় বিশেষ করে লাহোরে বছরের এই সময়ে বিপজ্জনক বায়ুদূষণের কারণে আগেও ক্রিকেট আয়োজন নিয়ে ঝামেলা পোহাতে হয়েছিল। ২০২০ সালের নভেম্বরে পাকিস্তান-জিম্বাবুয়ের সীমিত ওভারের একটি সিরিজ লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তান-নিউজিল্যান্ডের একটা টেস্ট মুলতান থেকে করাচিতে স্থানান্তর করা হয়েছিল।
ভেন্যু বদলালেও পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের সময়সূচি বদলানো হয়নি। রাওয়ালপিন্ডিতে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। যদিও তাদের কারোরই ফাইনাল খেলার সম্ভাবনা নেই। ৩৩.৩৩ শতাংশ সফলতার হার নিয়ে সাত নম্বরে শ্রীলঙ্কা। ৯ নম্বরে থাকা পাকিস্তানের সফলতার হার ৪.৬৩ শতাংশ।









